চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বজ্রপাতে মোহাম্মদ ফিরোজ (৩৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ৯টার দিকে উপজেলার শীলকূপ ইউনিয়নের পূর্ব শীলকূপের ক্ষেতখোলা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ফিরোজ ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইসমাইল সিকদার পাড়ার বাসিন্দা এবং মৃত মোহাম্মদ এয়াকুবের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মো. ফিরোজ সিকদার এবং প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নিজের কাকরোল ক্ষেতে ফুল লাগানোর কাজ করছিলেন মোহাম্মদ ফিরোজ। হঠাৎ করে আকাশে গর্জন শুরু হয়, যদিও তখনও বৃষ্টি নামেনি। ঠিক এমন সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
ঘটনার বিষয়ে শীলকূপ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নুরী বলেন, ‘ফিরোজের শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন না থাকলেও স্থানীয়দের ধারণা, বজ্রপাতের শব্দে ভয় পেয়ে বা আতঙ্কে তার মৃত্যু হতে পারে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।’
বজ্রপাতকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কৃষিকাজের সময় বজ্রপাতের ঝুঁকি এড়াতে সচেতনতার আহ্বান জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।
জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে দলগুলোকে বড় ভূমিকা রাখার আহ্বান ড. আলী রীয়াজের