ভারতের আসন্ন ইংল্যান্ড সফরের আগে হঠাৎ করেই টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন এই ফরম্যাটের অভিজ্ঞ ক্রিকেটার বিরাট কোহলি। এর আগে গত বুধবার টেস্ট ক্রিকেটকে ‘গুডবাই’ জানিয়েছিলেন রোহিত শর্মা। নিজের সিদ্ধান্ত জানিয়ে পোস্ট করেছিলেন ইনস্টাগ্রামে। রোহিতের পথেই হাঁটলেন কোহলি।
নিজের অবসর বার্তায় আবেগ ছুঁয়ে গেলেন ভক্তদের। লিখেছেন, '১৪ বছর হয়ে গেল, যখন আমি টেস্ট ক্রিকেটে প্রথমবার ভারতের ব্যাগি ব্লু টুপি পরি। আমি সত্যিই ভাবতে পারিনি যে, এই ফর্ম্যাটে আমার যাত্রা এত দীর্ঘ হবে। এই ফরম্যাট আমাকে যাচাই করেছে, আমাকে গড়ে তুলেছে এবং আমাকে শিক্ষা দিয়েছে যা আমি সারা জীবন বয়ে বেড়াব।’
তিনি আরও লেখেন, ‘এই ফরম্যাট থেকে আমি সরে দাঁড়াচ্ছি, যে সিদ্ধান্ত নেওয়া মোটেও সহজ নয়। তবে এটাই যথাযথ মনে হচ্ছে। আমার যা ছিল, সবটুকু নিংড়ে দিয়েছি। প্রতিদানে যা পেয়েছি, তা কখনও কল্পনাও করতে পারিনি। অত্যন্ত কৃতিজ্ঞ চিত্তেই আমি সরে যাচ্ছি। '
পোস্টটি শেষ করেন ছোট্ট কিন্তু আবেগঘন এক কথায়— "সবসময় হাসিমুখেই মনে রাখব আমার টেস্ট ক্যারিয়ারকে। ২৬৯, সাইনিং অফ।"
২০১১ সালের জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিংস্টনে টেস্ট অভিষেক করেছিলেন কোহলি। ১৪ বছরের ক্যারিয়ারে খেলেছেন ১২৩টি টেস্ট, করেছেন ৯,২৩০ রান, গড় ৪৬.৮৫। ভারতের হয়ে টেস্টে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি—শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড় এবং সুনীল গাভাস্কারের পরই তার অবস্থান।
২০১০ থেকে ২০১৯ পর্যন্ত তিনি ছিলেন বিশ্বের অন্যতম সেরা ব্যাটার। এই এক দশকে তার সংগ্রহ ৭,২০২ রান, গড় ৫৪.৯৭, সেঞ্চুরি ২৭টি—যা ওই সময়কালে যে কোনো ব্যাটারের চেয়ে বেশি।
তবে ২০২০ সালে কোভিডের পর কোহলির পারফরম্যান্সে দেখা যায় পতন। এরপর ৬৮ ইনিংসে তিনি করেছেন মাত্র ২,০২৮ রান, গড় ৩০.৭২। টেস্টে ২০২০ পরবর্তী সময়ে অন্তত ২,০০০ রান করা ব্যাটারদের মধ্যে এটি সবচেয়ে কম গড়।
অধিনায়ক কোহলি
২০১৪ সালে মহেন্দ্র সিং ধোনির কাছ থেকে টেস্ট দলের নেতৃত্ব পান কোহলি। ৮ বছরের টেস্ট অধিনায়কত্বে ভারতকে ৬৮ ম্যাচে নেতৃত্ব দিয়ে ৪০টি জয় এনে দেন, যা একজন ভারতীয় অধিনায়ক হিসেবে সর্বোচ্চ। গোটা বিশ্বে কোহলির চেয়ে বেশি টেস্ট জয় রয়েছে কেবল গ্রায়েম স্মিথ, রিকি পন্টিং ও স্টিভ ওয়ার।
অধিনায়ক হিসেবেও কোহলি ছিলেন দুর্দান্ত ব্যাটার—১১৩ ইনিংসে ৫৮৬৪ রান ও ২০টি শতরান। অধিনায়ক হিসেবে শতরানের দিক থেকে তার ওপরে রয়েছেন শুধু স্মিথ (২৫টি)।
রেকর্ড সপ্তম বিশ্বকাপ জয় ব্রাজিলের
বিপিএলের পাঁচ আসরে ১৪০ ঘটনায় সন্দেহ, তদন্তে অসহযোগিতার অভিযোগ