'অসাধারণ টেস্ট ক্যারিয়ারের' জন্য কোহলিকে 'অভিনন্দন' টেন্ডুলকারের

আপডেট : ১২ মে ২০২৫, ০৫:০৫ পিএম

বিরাট কোহলির টেস্ট ক্রিকেট থেকে বিদায় ভারতীয় ক্রিকেটে এক যুগের অবসান ঘটাল। তাঁর এই বিদায় মুহূর্তে স্মৃতিচারণ করলেন কিংবদন্তি শচীন টেন্ডুলকার। এক আবেগঘন ফেসবুক পোস্টে শচীন জানালেন, বিরাটের একটি ১২ বছর আগের ছোট্ট কিন্তু গভীর মনছোঁয়া প্রস্তাব আজও তাঁর হৃদয়ে গেঁথে আছে।

শচীন লিখেছেন, “যখন তুমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছো, তখন মনে পড়ে যাচ্ছে ১২ বছর আগের সেই মুহূর্তটা, যখন আমার শেষ টেস্টে তুমি আমাকে তোমার প্রয়াত বাবার কাছ থেকে পাওয়া একটি পবিত্র সূতা উপহার দিতে চেয়েছিলে। সেটা ছিল খুবই ব্যক্তিগত, তাই আমি গ্রহণ করিনি, কিন্তু তোমার সেই আবেগভরা ইচ্ছা আজও আমার মনে রয়েছে।”
শচীন আরও লেখেন, “আমার পক্ষে হয়তো তোমার মতো সূতা উপহার দেওয়া সম্ভব নয়, কিন্তু আমার আন্তরিক শুভেচ্ছা ও গভীর শ্রদ্ধা রইল তোমার জন্য।”

ভারতীয় ক্রিকেটে কোহলির অবদানের কথা উল্লেখ করে মাস্টার ব্লাস্টার লিখেছেন, “তোমার আসল উত্তরাধিকার সেই হাজার হাজার তরুণ ক্রিকেটার, যারা তোমার অনুপ্রেরণায় ব্যাট ধরেছে। শুধু রান নয়, তুমি ভারতীয় ক্রিকেটকে নতুন প্রজন্মের এক নতুন জোয়ার এনে দিয়েছো। অসাধারণ একটি টেস্ট ক্যারিয়ারের জন্য অভিনন্দন।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত