গণঅভ্যুত্থান-পরবর্তী রাষ্ট্র বিনির্মাণে সংস্কারের রূপরেখা প্রণয়নের লক্ষ্যে আগামী ২২ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘পলিটিক্যাল সায়েন্স কনফারেন্স’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে সকাল ১০টায় এই সম্মেলন শুরু হবে।
সোমবার (১২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কনফারেন্সের আহ্বায়ক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান।
তিনি বলেন, এটা রাষ্ট্র সংস্কার নিয়ে দেশের প্রথম অ্যাকাডেমিক কনফারেন্স। আমরা দেশে-বিদেশে অবস্থানরত গবেষক, শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের কাছ থেকে গবেষণাপত্র আহ্বান করেছি। ইতোমধ্যে উল্লেখযোগ্য সংখ্যক অ্যাবস্ট্রাক্ট জমা পড়েছে। ‘শ্যাডো রিফর্ম কমিশনস’ ও ‘পলিটিক্যাল অ্যান্ড পলিসি সায়েন্স রিসার্চ ফাউন্ডেশন’ যৌথভাবে এই কনফারেন্সের আয়োজন করছে।
২০২৪ সালের আগস্ট থেকে রাষ্ট্র সংস্কারের বিভিন্ন বিষয়ের ওপর কাজ করে আসছে ১১টি ছায়া সংস্কার কমিশন। দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা এসব কমিশনের সঙ্গে যুক্ত। সম্মেলনে কমিশনগুলো তাদের চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন করবে।
অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ‘রাষ্ট্র সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। ভবিষ্যতের সরকারগুলোর জন্য একটি নীতিমালা তৈরির কাজ চলছে। আমরা জনমত গ্রহণ করছি, বিশেষজ্ঞদের মাধ্যমে রিভিউ করছি, স্টেকহোল্ডারদের সঙ্গে কথা বলছি। সবশেষে আমরা একটি গ্রহণযোগ্য চূড়ান্ত প্রতিবেদন তৈরি করব।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মেজবা-উল-আযম সওদাগর বলেন, ‘দেশে সংস্কার নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, সেখানে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অংশগ্রহণ তুলনামূলকভাবে কম। আমরা বিশ্বাস করি, একাডেমিক ক্ষেত্র বিশেষ করে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এই আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’
কনফারেন্স বাস্তবায়নে ১১ সদস্যের জাতীয় কনফারেন্স কমিটি গঠন করা হয়েছে। এতে রয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. নাছিমা খাতুন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ কে এম মতিনুর রহমান, সিলেট, বরিশাল, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
আয়োজকেরা আশা করছেন, এই কনফারেন্স রাষ্ট্র সংস্কার নিয়ে একটি নতুন সংলাপের সূচনা করবে, যেখানে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের জ্ঞান ও অভিজ্ঞতা থেকে ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার দিকনির্দেশনা পাওয়া যাবে।
ভাসানচর থেকে আসা ৪৫ রোহিঙ্গা সীতাকুণ্ডে আটক, পালিয়েছে আরও শতাধিক
শাহজাদপুরে যমুনার ভাঙনে দিশেহারা মানুষ 