চোখের অস্ত্রোপচারের প্রয়োজনীয়তার কারণে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী রাহাত আরা বেগম।
গতকাল সোমবার দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তাঁরা ব্যাংককের উদ্দেশে রওনা হন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, ব্যাংককের রুটনিন আই হাসপাতালে মির্জা ফখরুলের চোখের রেটিনায় জরুরি অস্ত্রোপচার করা হবে। তিনি বলেন, গতকাল চোখের সমস্যা দেখা দিলে তাঁকে রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকদের পরামর্শেই ব্যাংককের বিশেষায়িত ওই চক্ষু হাসপাতালে নেওয়া হয়েছে তাঁকে।
এর আগেও চলতি বছরের ৬ এপ্রিল চিকিৎসার জন্য মির্জা ফখরুল ও তাঁর স্ত্রী সিঙ্গাপুর গিয়েছিলেন।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসা ছাড়া এই সফরের অন্য কোনো উদ্দেশ্য নেই এবং চোখের অস্ত্রোপচারের গুরুত্ব বিবেচনায় এটি অত্যন্ত জরুরি ভ্রমণ।
আমার কারণেই ভারত-পাকিস্তান সংঘাত হলো বন্ধ: ট্রাম্প