সনদ তুলতে এসে আটক ছাত্রলীগ নেতা

আপডেট : ১৩ মে ২০২৫, ১১:০৫ এএম

সনদপত্র সংগ্রহ করতে এসে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ক্যাম্পাসে শিক্ষার্থীদের হাতে ধরা পড়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতা। পরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীদের সহায়তায় তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

গতকাল সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশে বান্ধবীর সঙ্গে আড্ডারত অবস্থায় আটক হন ছাত্রলীগের কৃষিশিক্ষা বিষয়ক সম্পাদক সায়মুম খান। তিনি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

জানা গেছে, ২০২৪ সালের ৫ জুন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্র খাইরুল ইসলাম সৌরভকে ‘বেয়াদবি’র অভিযোগে সায়মুম বিশ্ববিদ্যালয়ের একটি হলের ছাদে ডেকে নিয়ে যান। সেখানে তাকে মারধর করেন এবং ছাদ থেকে ফেলে দেওয়ার হুমকি দেন। এ ঘটনায় সৌরভ তৎকালীন প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদের কাছে লিখিত অভিযোগ জমা দেন।

সোমবার সন্ধ্যায় সায়মুম বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে অবস্থান করছেন এমন খবর পেয়ে ভুক্তভোগী সৌরভ ও তার সহপাঠীরা তাকে ধরে ফেলে এবং থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

ভুক্তভোগী সৌরভের অভিযোগে বলা হয়, গত ৫ জুন সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে বন্ধু সিফাত সিদ্দিকির সহায়তায় সায়মুম ফোনে ডেকে নেয়। কথাবার্তার অজুহাতে শেখ রাসেল হলের (বর্তমানে শহীদ আনাস হল) ছাদে নিয়ে যায়। সেখানেই জেরা করার সময় হঠাৎ আমাকে মারধর করে ও ছাদ থেকে ফেলে দেওয়ার হুমকি দেয়। পরে আমি সিঁড়ি দিয়ে পালানোর চেষ্টা করলে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে আমি হাত-পায়ে আঘাত পাই ও রক্তক্ষরণ হয়।

তিনি আরও দাবি করেন, ঘটনার প্রমাণস্বরূপ রাত ১১টা ৫ মিনিটে একটি অডিও ক্লিপ রয়েছে, যা প্রতিনিধিদের হাতে এসেছে।

অভিযুক্ত সায়মুম খান বলেন, ‘আমি শুধু সনদ তুলতে এসেছি। ক্যাম্পাসের ভেতরে যাইনি, বাইরে বসে ছিলাম। হঠাৎ করে তারা হামলা করে। আমি জানি না কেন এমন করল।’

অন্যদিকে ভুক্তভোগী সৌরভ বলেন, ‘ওর গার্লফ্রেন্ড আমার বিভাগের ছাত্রী, আর আমার বান্ধবী একদিন তার সঙ্গে ঘুরেছিলাম। সম্ভবত এ কারণেই সে ক্ষুব্ধ হয়ে আমাকে ছাদে ডেকে নিয়ে গিয়েছিল, মারধর করেছিল এবং ফেলে দেওয়ার চেষ্টা করেছিল। সেদিন আমি কষ্ট করে পালিয়ে এসেছিলাম।’

এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, ‘শিক্ষার্থীরা অভিযুক্ত সায়মুম খানকে আমাদের কাছে সোপর্দ করে। আমরা জেনেছি, তিনি নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতা। ছাত্ররাজনীতির নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার (১৩ মে) তাকে আদালতে পাঠানো হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত