মাগুরার আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় ১৭ মে 

আপডেট : ১৩ মে ২০২৫, ০৩:১৭ পিএম

দেশজুড়ে আলোচিত মাগুরার ৮ বছরের সেই শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ শনিবার (১৭ মে) নির্ধারণ করেছেন আদালত। মঙ্গলবার (১৩ মে) বেলা ১১টার দিকে যুক্তিতর্ক উপস্থাপন শেষে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এ দিন ধার্য করেন। 

এর আগে গতকাল সোমবার সকাল ১০টায় এ মামলার যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। পরে সাক্ষ্যগ্রহণ ও আসামি পরীক্ষার শুনানি শেষ হওয়ায় মঙ্গলবার যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেন আদালত।

রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীরা মামলার বিভিন্ন তথ্য ও প্রমাণ বিশ্লেষণ করে আদালতে যুক্তি তুলে ধরেন। প্রথমদিন কার্যক্রম শেষ না হওয়ায় মঙ্গলবার (১৩ মে) আবারও যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করা হয়।

মামলার মূল আসামি শিশুর বোনের শ্বশুর হিটু শেখ গত ১৫ মার্চ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। যেখানে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় তিনি একাই জড়িত বলে স্বীকারোক্তি দিলেও গত ১৩ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা মাগুরা সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মামলার চার আসামির বিরুদ্ধেই অভিযোগ এনে তদন্ত প্রতিবেদন জমা দেন।

প্রসঙ্গত, মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে ৬ মার্চ ধর্ষণের শিকার হয় ওই শিশু। পরে ১৩ মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশুটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত