‘রাজা বদলালেই হবে না, সংস্কার শুরু করতে হবে নিজের ভেতর থেকে’

আপডেট : ১৩ মে ২০২৫, ১২:৫৫ পিএম

স্বাস্থ্য খাতের উন্নয়নে শুধু নেতৃত্ব বদল নয়, বরং নিজেকে বদলানোর আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম। তিনি বলেন, ‘সংস্কার শুরু করতে হবে নিজের ভেতর থেকে। তা না হলে শুধু রাজা বদল হবে, অবস্থার পরিবর্তন হবে না।”

আজ মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির ৫২তম বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চক্ষু চিকিৎসা নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, চক্ষু চিকিৎসকদের মধ্যে যাঁরা ভালো কাজ করছেন, তাঁদেরই দায়িত্ব দিতে হবে। পেরিফেরিতে ভালো ডাক্তার নেই—সুতরাং যাঁদের যেখানে দায়িত্ব দেওয়া হবে, সেখানেই থাকতে হবে। প্রয়োজনে তাদের উচ্চ বেতন দিতে আমরা প্রস্তুত। সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, তবেই স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন সম্ভব। অন্যথায় শুধু নেতৃত্ব পরিবর্তনে কোনো ফল আসবে না।

তিনি আরও জানান, ৭ হাজার চিকিৎসককে পদোন্নতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিকিৎসক ও সার্জনদের বেতন বাড়ানোর প্রস্তাব করা হয়েছে, যা খুব দ্রুতই কার্যকর হবে বলে আমরা আশা করছি। কিন্তু বেতন না বাড়া পর্যন্ত চিকিৎসা কি বন্ধ থাকবে? বাস্তবতা হলো, অনেক চিকিৎসক সময়মতো হাসপাতালে যান না, রোগী ভর্তি থেকে শুরু করে বেশিরভাগ সেবা মানুষের জন্য সহজলভ্য নয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমান, স্বাস্থ্যসচিব সাইদুর রহমান, স্বাস্থ্যসেবা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শাহিনুল আলম। সম্মেলনের উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির আহ্বায়ক অধ্যাপক মো. শাহাব উদ্দিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত