বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ১৩ মে ২০২৫, ০১:৫৮ পিএম

পঞ্চগড়ের দেবীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক আয়নাল হক (৩৯)–কে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সোমবার দুপুর আড়াইটার দিকে দেবীগঞ্জ বাজারে অবস্থিত তার কাপড়ের দোকান থেকে তাকে আটক করা হয়। আয়নাল হক দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের খুটামারা কামাত পাড়া গ্রামের বাসিন্দা এবং দুদু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গত বছরের ৪ আগস্ট ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ শীর্ষক এক মিছিলে হামলার অভিযোগে রবিউল ইসলাম নামে এক যুবক গত ১৮ অক্টোবর দেবীগঞ্জ থানায় একটি মামলা করেন। মামলায় ৪২ জনের নাম উল্লেখ করে আরও প্রায় ১২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। হামলায় আয়নাল হকের সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া হত্যা প্রচেষ্টার মামলায় আয়নাল হককে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, আয়নাল হক উপজেলা যুবলীগের সভাপতি ফরিদ হাসান স্বপন এবং সাধারণ সম্পাদক রাজু আহমেদ মিঠুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। ৫ আগস্টের পূর্ববর্তী সময়েও তিনি বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত