টটেনহাম হটস্পারের দক্ষিণ কোরিয়ান তারকা সন হিউং-মিন ব্ল্যাকমেইলিংয়ের শিকার হয়েছেন। ক্রমাগত মিথ্যা দাবি করে সনের থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়েছে দুই প্রতারক। এদের একজন ২০ বছর বয়সী নারী এবং অন্যজন ৪০ বছর বয়সী। তাদের দাবি ছিল, ওই নারী অন্তঃসত্ত্বা এবং অনাগত সন্তানের বাবা সন!
অভিযোগ থেকে জানা যায়, গত বছরের জুনে ওই নারী সনকে হুমকি দেন যে, তার সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তোলার ফলে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন এবং সেই অনাগত সন্তানের বাবা সন। তবে বিষয়টি তিনি গোপন রাখবেন জানিয়ে সনের কাছে অর্থ দাবি করেন। সন তাতে অস্বীকৃতি জানালে গ্রেপ্তার হওয়া সেই পুরুষ গত মার্চে সনের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে আলাদাভাবে অর্থ আদায়ের চেষ্টা করেন।
গত ৭ মে সনের পক্ষ থেকে পুলিশের কাছে এ ব্যাপারে অভিযোগ দায়ের করা হয়। সন দাবি করেন, ওই নারীর দাবি মিথ্যা এবং তিনি ওই নারীর অনাগত সন্তানের বাবা নন। প্রাথমিক তদন্ত শেষে গত সোমবার অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করে সিউলের গ্যাংনাম পুলিশ। গতকাল বুধবার আদালত অনুমোদন দিতেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে।
আজ বৃহস্পতিবার পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সনকে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগে একজন নারী ও একজন পুরুষকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি চেষ্টার অভিযোগে তদন্ত শুরু হয়েছে। এদিকে সনের সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা আপনাদের বলতে চাই, সন হিউং-মিন স্পষ্টতই ব্ল্যাকমেলের শিকার। পুলিশ বর্তমানে বিষয়টির তদন্ত করছে। তদন্ত প্রতিবেদন (থেকে তথ্য) পাওয়া মাত্রই আপনাদের বিস্তারিত জানাব।’
অবসর নেওয়ায় রোহিত-কোহলির বেতন কি কমছে?
ছয় গোলের ম্যাচে গোলশূন্য মেসি; পয়েন্ট হারাল মায়ামি
কোহলি না থাকলে টেস্ট ক্রিকেট মলিন হয়ে যেত: মাইকেল ভন