ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের চান্দেল জেলায় আধা সামরিক বাহিনী আসাম রাইফেলসের (এআর) অভিযানে ১০ জন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
গতকাল বুধবার থেকে চান্দেল জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান শুরু করে আসাম রাইফেলস। ভারতের প্রভাবশালী দৈনিক ‘হিন্দুস্তান টাইমস’–এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’–এ এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড জানায়, ‘গোপন সূত্রে প্রাপ্ত নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে মণিপুরের চান্দেল জেলার খেংজয় এলাকার নিউ সামতাল গ্রামে অভিযান পরিচালনা করা হচ্ছে। এখন পর্যন্ত ১০ জন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে। আমাদের নির্ধারিত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।’
উল্লেখ্য, ২০২৩ সালের মে মাস থেকে মণিপুরে জাতিগত সহিংসতা চলছে। ওই বছরের ৪ মে রাজ্যের সংখ্যাগরিষ্ঠ হিন্দু মেইতেই জনগোষ্ঠীকে তফসিলি জাতি হিসেবে ঘোষণা করে মণিপুর হাইকোর্ট। এই সিদ্ধান্তের প্রতিবাদে রাজ্যজুড়ে বিক্ষোভে ফেটে পড়ে সংখ্যালঘু খ্রিস্টান কুকি জনগোষ্ঠী।
প্রথমদিকে শান্তিপূর্ণ প্রতিবাদে সীমাবদ্ধ থাকলেও দ্রুতই তা রূপ নেয় ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গায়। এই অস্থিরতার সুযোগে সক্রিয় হয়ে ওঠে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো, যাদের অধিকাংশই কুকি ও জো জাতিগোষ্ঠীর সদস্য।
প্রায় দেড় বছর ধরে চলমান এই সংঘাতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন দুই শতাধিক মানুষ। বাস্তুচ্যুত হয়েছেন কয়েক হাজার বাসিন্দা। এখনো রাজ্যজুড়ে অস্থিরতা বিরাজ করছে।
২১ আগস্ট হামলা মামলায় পরবর্তী শুনানি ২৬ মে
জবি শিক্ষার্থীদের আন্দোলনে অচল রাজধানী