খুলনায় চাঁদা না পেয়ে প্রধান শিক্ষককে গুলি

আপডেট : ১৫ মে ২০২৫, ০১:৫৫ পিএম

খুলনা নগরীতে জমি নিয়ে বিরোধ ও চাঁদা না পেয়ে দিলীপ কুমার সরকার (৫৫) নামে এক প্রধান শিক্ষকের ওপর গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। তিনি পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১০টার দিকে আড়ংঘাটা থানার তেলিগাতী সরদারপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনাটি ঘটে। 

আহত দিলীপ কুমার সরকার তেলিগাতী হাইস্কুলের প্রধান শিক্ষক।  

স্থানীয় বাসিন্দারা জানান, জমি নিয়ে বিরোধের পাশাপাশি কয়েক দিন ধরে কতিপয় সন্ত্রাসীরা দিলীপ কুমারের কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকার করায় দুর্বৃত্তরা তার ওপর ক্ষিপ্ত হয়ে উঠে। বৃহস্পতিবার সকালে তিনি বাড়ি থেকে বের হয়ে স্কুলের দিকে যাচ্ছিলেন এবং কিছু দূরে যাওয়ামাত্র একটি মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি তার বাঁ পায়ের হাঁটুর ওপরে বিদ্ধ হয়।

গুলির শব্দ পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে আসে এবং দিলীপ কুমারকে মাটিতে লুটিয়ে পড়ে থাকতে দেখে। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখান থেকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এ বিষয়ে আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) প্রবীর মিত্র বলেন, জমিজমা নিয়ে বিরোধ এবং চাঁদা দাবির ঘটনাকে কেন্দ্র করে তাকে গুলি করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আমরা সব বিষয়ে খোঁজখবর নিচ্ছি। জড়িতদের আটক করতে অভিযান শুরু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত