মাদারীপুরের শিবচরে গরু চুরির অভিযোগে শাহিন সরকার (৫৫) নামে একজনকে হাতেনাতে ধরে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) ভোররাতে, উপজেলার মাদবরের চর ইউনিয়নের সিংহ কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
আটককৃত শাহিন সরকার উপজেলার চর ইউনিয়নের কনাই সরকার কান্দি গ্রামের সেলিম সরকারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে শাহিনসহ কয়েকজন একটি নৌকায় করে ওই এলাকার বজলু মাদবরের বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে আসেন। তারা ঘরের দরজা বাইরে থেকে আটকে দিয়ে গরুর ঘরে প্রবেশ করেন। তবে বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার করলে আশপাশের মানুষ জড়ো হন। এ সময় ডাকাতেরা পালানোর চেষ্টা করলে শাহিন সরকার নামে একজনকে ধরে ফেলেন গ্রামবাসী। এরপর উত্তেজিত হয়ে জনতা তাকে গণপিটুনি দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে শাহিনকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এলাকাবাসীর অভিযোগ, শাহিন সরকার দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব দেখিয়ে এলাকায় দাপট দেখাচ্ছিলেন। গ্রামে বারবার গরু চুরি হচ্ছিল। আমরা আগে থেকেই সন্দেহ করেছিলাম। আজ তিনি হাতেনাতে ধরা পড়েছেন।
শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রতন শেখ বলেন, ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। অভিযুক্ত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঈদে মুক্তির তালিকায় আরও দুই সিনেমা
বাংলাদেশিদের জন্য আবারও উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার