সাবেক এমপি চয়ন ও কবিতাসহ আ. লীগের ১৯৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

আপডেট : ১৫ মে ২০২৫, ০৮:৫২ পিএম

৯ মাস পর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সাবেক এমপি চয়ন ইসলাম ও মেরিনা জাহান কবিতা সহ আওয়ামী লীগের ৭৬ নেতাকর্মীর নাম উল্লেখ ও অজ্ঞাত ১০০ থেকে ১২০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। 

গত ১২ মে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হামিদুর রহমান তুষার বাদী হয়ে বিস্ফোরকদ্রব্য আইনে শাহজাদপুর থানায় মামলাটি দায়ের করেছেন।

বৃহস্পতিবার (১৫ মে) রাতে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ মামলা দায়েরের পর চার জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যহত আছে। 

এ মামলার আসামিদের কয়েকজন হলেন- সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সাবেক এমপি চয়ন ইসলাম, তার বোন একই আসনের সাবেক এমপি মেরিনা জাহান কবিতা, কবিতার ছেলে সুমগ্ন করিম, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ কাজল, সহ সভাপতি সাইফুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মনির আক্তার খান তরু লোদী ও মোস্তাক আহমেদ, কোষাধ্যক্ষ সালাম ব্যাপারী, সদস্য মনসুর মোল্লা ও সালাম ফকির, যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য সাজ্জাদ হায়দার লিটন, উপজেলা যুবলীগের আহ্বায়ক আশিকুর হক দিনার প্রমুখ। ইতোমধ্যেই এ মামলার চার জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার অভিযোগপত্র থেকে জানা যায়, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাদী, বিএনপির নেতাকর্মী ও ছাত্র-জনতা মিছিল নিয়ে শাহজাদপুর শহরের করতোয়া ব্রীজ এলাকায় যায়। এ সময় আসামিরা আন্দোলন ও মিছিলে বাঁধা নিষেধ প্রদান করেন। ছাত্র-জনতা বাঁধা উপেক্ষা করে মিছিল করতে চাইলে সাবেক এমপি চয়ন ইসলামের হুকুমে আন্দোলন নস্যৎ করতে আসামিরা লোহার রড, লাঠিসোঁটা, হাঁসুয়া, হাতুড়ি, ককটেল, বোমা নিয়ে মিছিলের ওপর হামলা করেন। হামলায় শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আলোকদিয়ার গ্রামের হামিদুর রহমান তুষার সহ ছাত্র-জনতা আহত হয়। পরে আসামিরা ককটেল বিস্ফোর করে চলে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত