মুন্সীগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শনে শিল্প উপদেষ্টা

আপডেট : ১৬ মে ২০২৫, ০৪:০২ পিএম

মুন্সীগঞ্জের শ্রীনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শন করেছেন গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। শুক্রবার (১৬ মে) দুপুর সাড়ে ১২ টার দিকে শ্রীনগর সদর বাজার পরির্দশন করেন তিনি।

শিল্প উপদেষ্টা বলেন, অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন শ্রীনগর বাজারের ব্যবসায়ীরা। আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে সরকার। দ্রুত প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হবে। কী কারণে আগুন লেগেছে তা জানা সবচেয়ে জরুরি। আগুন লাগার কারণ নির্ণয়ে ফায়ার সার্ভিস প্রতিবেদন দিবে। এরপরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার শামসুল আলম সরকার, শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিনউদ্দিন, শ্রীনগর বিএনপির সাবেক সভাপতি মমিন আলী, সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, বিএনপি নেতা আবুল কালাম কানন প্রমুখ। 

পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন শিল্প উপদেষ্টা। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের সহায়তায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দেন। 

উল্লেখ্য বৃহস্পতিবার (১৫ মে) দিবাগত গভীর রাত ২টার দিকে জেলার শ্রীনগর বাজারে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত ৮০ টি দোকান পুড়ে যায়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত