জোনায়েদ সাকি বললেন

ফ্যাসিস্টের সহযোগীরা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে

আপডেট : ১৭ মে ২০২৫, ০৪:২৫ এএম

ওত পেতে থাকা ফ্যাসিস্টের সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। তিনি বলেন, ‘তারাই দেশে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে।’

গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ফারাক্কা লংমার্চের ৫০তম বার্ষিকী উপলক্ষে গণসংহতি আন্দোলনের আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।

জোনায়েদ সাকি বলেন, ফ্যাসিস্ট সরকার নিজেদের গদির বদলে বাংলাদেশের স্বার্থ জলাঞ্জলি দিয়েছে। কিন্তু দেশের মানুষ সেই গদি উল্টে দিয়েছে। পাকিস্তানের সঙ্গে এত বার যুদ্ধ হলেও ভারত সিন্ধু নদীর পানি বন্ধ করতে পারেনি। দেশটি সেখানে ক্ষমতার দাপট দেখাতে পারেনি। শক্তিশালী অর্থনীতির ওপর দাঁড়িয়ে ভারতের সব দাপটকে ভেঙে ফেলা হবে। এ সময় জনগণের মুক্তি নিশ্চিতে নতুন বন্দোবস্ত প্রয়োজন। তিনি আরও বলেন, উপদেষ্টাকে বোতল ছোঁড়ার ঘটনা দুঃখজনক। তবে কাউকে ছাড় দেবেন আবার কারও দাবি মানতে সময় নেবেন এটা গ্রহণযোগ্য না। রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে জনগণের মধ্যে ঐক্য ফিরিয়ে আনুন। এ সময় জনগণের মধ্যে বিভক্তি সৃষ্টি করে নিজেদের অবস্থানকে দুর্বল না করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত