খুলনায় মেঘনা পেট্রোলিয়ামের জ্বালানি তেলবাহী ট্যাঙ্কলরি ও যাত্রীবাহী মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ জন গুরুতর আহত হয়েছেন।
আজ শনিবার সকাল সোয়া ১০টার দিকে ডুমুরিয়ার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ফায়ার সার্ভিস ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাঝামাঝি গোলনায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মাহিন্দ্রাচালক কয়রা উপজেলার ভান্ডারপোল গ্রামের আনসার আলী গাজীর ছেলে রফিকুল ইসলাম গাজী (৫৫), একই উপজেলার ২ নম্বর কয়রা গ্রামের মতিউর রহমান সানার ছেলে মহিনুর ইসলাম (৩৫) ও কুশোডাঙ্গা গ্রামের মৃত নূর আলী সানার ছেলে মাওলানা আব্দুর রশিদ (৫০)।
এ ছাড়া আহত চারজন হলেন মইনুল ইসলাম গাজী, ইউনুস ও মনিরুজ্জামান ও আব্দুস সাত্তার। তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় নিহত ৩ জনের পরিচয় নিশ্চিত করেন খর্ণিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শিমুল মণ্ডল। নিহত মহিনুর ইসলাম ও আব্দুর রশিদ কয়রা উপজেলার একটি মাদরাসার শিক্ষক।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকালে কয়রা উপজেলা থেকে মাহিন্দ্রাতে কয়েকজন খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বকেয়া বেতন-ভাতা প্রদানসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদানের উদ্দেশে রওনা দেন। অপরদিকে খুলনা থেকে মেঘনা পেট্রোলিয়ামের জ্বালানি তেলবাহী ট্যাঙ্কলরি খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ফায়ার সার্ভিস ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাঝামাঝি গোলনানামক স্থানে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই মাহিন্দ্রাচালকসহ তিনজন নিহত হয়।
এ ব্যাপারে খর্ণিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শিমুল মণ্ডল বলেন, ঘাতক জ্বালানি তেলবাহী ট্যাঙ্কলরি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক।
দোকান খুলতে এসে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
বিয়ের ৮ দিনের মাথায় স্ত্রীর হাতে স্বামী খুন