সরকার নির্বাচন দিতে পিছপা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, শেখ হাসিনাকে সংস্কার না করে দেশের মানুষকে সংস্কার করলে ভালো হয়। বিএনপি ধৈর্যশীল ও তারেক রহমানের কথা মানার দল। গত ১৭ বছর ধরে বিএনপিসহ গণতান্ত্রিকামী দলগুলো আন্দোলন করেছে গণতান্ত্রিক নির্বাচনের জন্য।
আজ শনিবার (১৭ মে) জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী তরুণ দল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে রাষ্ট্রকাঠামোর মেরামতের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের ও দ্রুত নির্বাচনের দাবিতে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জয়নুল আবদিন ফারুক বলেন, প্রফেসর ইউনুস দেশের একজন গ্রহণযোগ্য ব্যক্তি। আপনার কাছে আমাদের অনেক আশা-ভরসা। ক্ষমতা গ্রহণের নয় মাস পার হলো, এখন কেন করিডোরের প্রশ্ন আসে? অথচ দেশের যে সংস্কার প্রয়োজন, তা তারেক রহমান অনেক আগেই দিয়ে দিয়েছেন। অত বড় বড় সংস্কার না দিয়ে তার বিপরীতে দেশের মানুষ আপনার কাছে আশা নিয়ে রয়েছে। দেশে হাসিনার মনোনিত নির্বাচন কমিশনের অধীনের আর কোনও ভোট হবে না। এখন আপনার মধ্য দিয়েই দেশের মানুষ একটি সুষ্ঠু নির্বাচন চায়। কিন্তু আমাদের মনে হচ্ছে, নির্বাচন দিতে যেন একটু পিছপা হচ্ছেন।
বিরোধীদলের সাবেক এই চিফ হুইপ বলেন, আমরা আপনাকে নিয়ে অহংকার করি, সেই অহংকারকে চূর্ণ-বিচূর্ণ করবেন না। পাথরের ধাক্কা না খেলে নদী দিক পরিবর্তন করে না। তাই জনগণের রোষানলে পড়ার আগে নির্বাচনের ব্যবস্থা করুন।
ফারুক বলেন, জিয়াউর রহমানের মতো নেতাকে হাসিনা অপমান করেছে। তার স্ত্রী, সন্তানের দিনের পর দিন অত্যাচার করেছে।কিন্তু বিএনপির সংযম কম না।তবে বিএনপির মনে একটা কষ্ট এখন আছে।এতো আন্দোলন,পরিশ্রমের পর ৯ মাস অতিবাহিত হওয়ার আগে নির্বাচন আশা করেছিলাম।
সংগঠনের সভাপতি ডা. মো. আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, ধর্মবিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম জামাল, সংগঠনের সাধারণ সম্পাদক, আমিনুল ইসলাম প্রমুখ।
অবৈধ ভারতীয়দের প্রোপার চ্যানেলে পাঠানো হবে
দাউদকান্দিতে যুবক হত্যা: মামলার পর ৩ আসামি ঢাকা থেকে গ্রেপ্তার