১৮ বলে ৪ উইকেট হারিয়ে ম্যাচ হারলো সোহানরা 

আপডেট : ১৭ মে ২০২৫, ০৬:৪৯ পিএম

সিলেট স্টেডিয়ামে ফ্লাডলাইট জ্বালিয়ে চলছে খেলা। ৬ উইকেটে ১৭০ রান। আর ৬ ওভার কাটিয়ে দিতে পারলেই নিউজিল্যান্ড 'এ' দলের সঙ্গে ৪ দিনের ম্যাচ ড্র করা যায়। ক্রিজের এক প্রান্ত মাহিদুল ইসলাম অংকন সাড়ে ৩ ঘণ্টা ব্যাট করে ফেলেছেন। অন্য প্রান্তে হাসান মুরাদও খেলে ফেলেছেন ৩৯ বল। এমন অবস্থা থেকে স্পিনার আদিত্য অশোক ও জেইডন লেনক্সের ১৮ বলে ৪ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ 'এ'। ৬/১৭০ থেকে ৫ রান এগোতেই অলআউট। ৭০ রানে ম্যাচ জিতে দুই ম্যাচের সিরিজে এগিয়ে যায় কিউইরা। 

সিলেটে দুই দেশের ‘এ’ দলের মধ্যকার প্রথম ম্যাচের শেষ দিনে ২০৪ রানের লিড নিয়ে ব্যাটিং শুরু করেছিল নিউজিল্যান্ড। কিন্তু ৩৩ রানের মধ্যে শেষ ৫ উইকেট হারিয়ে বড় লক্ষ্য দিতে ব্যর্থ হয় তারা। দুই স্পিনার হাসান মুরাদ ৫ ও ও নাঈম হাসান ৪ উইকেট শিকার করেন। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি মুরাদের ১৩তম ফাইফার। আগের দিন সেঞ্চুরি করা নিক কেলি থামেন ২০৭ বলে ১২২ রানে। প্রথম ইনিংসে ২৫৬ রানের পর দ্বিতীয় ইনিংসে কিউইরা তোলে ২৫৭ রান। তাতে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৪৬ রানের। রান তাড়ায় নেমে বাংলাদেশের ব্যাটিং অর্ডার ধসিয়ে দেন লেগ স্পিনার আদিত্য অশোক। ১৭৫ রানে থেমে যায় স্বাগতিকেরা। মাহিদুল ইসলাম অংকন ও জাকির হাসান ছাড়া বাকিরা সেভাবে লড়াই করতে পারেননি। শেষ পর্যন্ত অপরাজিত থেকে ১৬৭ বলে ৫৭ রান করেন অংকন। এ ছাড়া ওপেনার জাকির করেন ৫০ রান। অশোক ৫টি ও লেনক্স নেন ৩টি উইকেট।

নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ ‘এ’ অধিনায়ক নুরুল হাসান সোহান করেছিলেন ১০৭ রান। ম্যাচশেষে তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় এক ওভারে তিনটা উইকেট আমাদের ভুগিয়েছে। আমরা আজকে যখন ব্যাটিং শুরু করেছিলাম, তখন টপ অর্ডাররা যদি নিজেদের ইনিংস আরও টেনে আনতে পারতাম তাহলে শেষের দিকে এমন পরিস্থিতিতে পড়তে হতো না।’ চা বিরতির পর বৃষ্টির কারণে মনোসংযোগে ব্যাঘাত ঘটা প্রসঙ্গে সোহান যোগ করেন, ‘ক্রিকেট সবসময় একটা মোমেন্টামের খেলা। ব্যাটিংয়ের সময় আমাদের মাইন্ড সেটাপ ওভাবেই ছিল। উইকেটে টার্ন ছিলো। ওদের ৫ উইকেটও আমরা সকালে স্পিন দিয়ে নিয়েছি। তাই জানতাম স্পিনের বিপক্ষে আরও মনোসংযোগ বাড়িয়ে খেলতে হবে। আর আমরা জানতাম যে এই লক্ষ্য তাড়া করতে হলে ভালো ক্রিকেটটাই আমাদের খেলতে হবে।’ আগামী ২১ মে থেকে সিরিজের চার দিনের দ্বিতীয় ও শেষ ম্যাচে মাঠে নামবে দুই দল। সেই ম্যাচটিও হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত