ম্যান সিটির ‘জেমস বন্ড’ আর্লিং হালান্ড ০০৭

আপডেট : ১৮ মে ২০২৫, ১১:২৯ এএম

২০২২ সালে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর প্রিমিয়ার লিগের দলটির হয়ে সাত সাতটি ফাইনাল খেলেছেন আর্লিং হালান্ড। কিন্তু ফাইনাল এলেই কী যেন হয়ে যায় নরওয়েজিয়ান গোলমেশিনের। তিনি এই সাতটি ফাইনালে কোনো গোল তো করেনইনি, অ্যাসিস্টও করেননি! সর্বশেষ গতকাল ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে এফ এ কাপ ফাইনালে সিটির পরাজয়ের দিনেও হালান্ড ছিলেন নিষ্প্রভ।

এফএ কাপ, কমিউনিটি শিল্ড, উয়েফা চ্যাম্পিয়নস লিগ, উয়েফা সুপার কাপ মিলিয়ে সাত সাতটি ফাইনাল খেলে একটাও গোল করতে পারেননি হালান্ড। গতকাল শনিবার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে তিনি পেনাল্টি নিতে অস্বীকৃতি জানান। এতে বিস্মিত হয়েছেন স্বয়ং সিটি কোচ পেপ গার্দিওলা। পরবর্তীতে ওমর মারমুশ সেই পেনাল্টি কিক নিয়ে ব্যর্থ হন। পরে গার্দিওলা বলেছেন, ‘আমি ভেবেছিলাম, সে (হালান্ড) এটা নিতে চাইবে। কিন্তু এমন কিছু তারা বলেনি।’

হালান্ডের এই মানসিকতা নিয়ে বিস্মিত হয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক স্ট্রাইকার ওয়েন রুনি। বিবিসির বিশ্লেষণে তিনি বলেন, ‘সে একজন বিশ্বমানের ফরোয়ার্ড। তার পেনাল্টি না নেওয়ার কোনো কারণ নেই। এটাই অন্যদের থেকে আর্লিং হালান্ড বা কিলিয়ান এমবাপ্পেদের আলাদা করে। তারা প্রতি ম্যাচে গোল করতে চায়। হালান্ড হয়তো পেনাল্টি নিয়ে খুব টেনশনে ছিল। আমরা যেন ভুলে না যাই, হালান্ডও একজন মানুষ।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত