ইসরায়েলের সঙ্গে নতুন করে যুদ্ধবিরতি আলোচনা শুরু হয়েছে বলে নিশ্চিত করেছে হামাস। উভয় পক্ষ ‘পূর্বশর্ত’ ছাড়াই সব বিষয় নিয়ে আলোচনা করছে।
হামাসের মিডিয়া উপদেষ্টা তাহের আল-নোনো শনিবার বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, দোহায় ইসরায়েলি প্রতিনিধি দলের সঙ্গে নতুন করে পরোক্ষ আলোচনা শুরু হয়েছে।
তিনি বলেন, ‘হামাস প্রতিনিধি দলটি যুদ্ধের অবসান, বন্দী বিনিময়, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, মানবিক সহায়তা ও গাজার জনগণকে উপত্যকায় ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার রূপরেখা তুলে ধরেছিল।’
নোনো বলেন, আলোচনা সফলে সহায়তা করতে হামাস প্রয়োজনীয় সব প্রচেষ্টা চালাতে আগ্রহী।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজও এক বিবৃতিতে আলোচনার কথা জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়, হামাসের হাতে আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়ে দোহায় পুনরায় আলোচনা শুরু হয়েছে।
তিনি বলেন, ইসরায়েল প্রথমে যুদ্ধবিরতি বা অবরোধ প্রত্যাহারে রাজি না হয়েই আলোচনা শুরু হয়েছে।
এদিকে গাজার কিছু অংশে ‘অপারেশনাল নিয়ন্ত্রণ’ প্রতিষ্ঠার লক্ষ্যে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী। গাজায় গত ২৪ ঘণ্টায় অন্তত ১৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, গত মার্চে যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে যাওয়ার পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত তিন শতাধিক মানুষ নিহত হয়েছে। গাজার স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৪৫৯ জন আহত হয়েছে।
