মেঘনায় জেলের জালে ২৯ কেজির বিগহেড মাছ, সাড়ে ২৪ হাজার টাকা বিক্রি

আপডেট : ১৮ মে ২০২৫, ০৭:৪৫ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মেঘনা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ২৯ কেজি ওজনের একটি বিশাল আকৃতির বিগহেড মাছ।

রোববার (১৭ মে) সকাল ১১টার দিকে চরলাপাং এলাকায় মাছটি ধরেন গোপীনাথপুর গ্রামের জেলে পরিতোষ বর্মন ও তার সঙ্গীরা।

জানা গেছে, প্রতিদিনের মতো আজকেও মেঘনায় মাছ ধরতে যান পরিতোষ বর্মন, হরিমন বর্মন, সত্যগুণ বর্মন ও মনোরঞ্জন বর্মন। তারা নৌকা থেকে বছুরি জাল ফেলে মাছ ধরার সময় মাছটি ধরা পড়ে। পরে মাছটি স্থানীয় মাছ ব্যবসায়ী সুমন মিয়ার কাছে ৮৫০ টাকা কেজি দরে মোট ২৪ হাজার ৬৫০ টাকায় বিক্রি করা হয়। ব্যবসায়ী সুমন ভৈরব ফেরিঘাটে নিয়ে মাছটি বিক্রি করবেন বলে জানিয়েছেন।

স্থানীয়রা জানান, সম্প্রতি এ অঞ্চলের নদ-নদীতে বড় মাছ ধরা পড়ার প্রবণতা বেড়েছে। চলতি বছরের ৩ মার্চ তিতাস নদী থেকে ২৬ কেজির একটি বিগহেড, ২৮ এপ্রিল ২৫ কেজির বোয়াল এবং ১০ মে মেঘনা নদী থেকেই ১৯ কেজির কাতলা মাছ ধরা পড়ে।

জেলে পরিতোষ বর্মন বলেন, সৌভাগ্যক্রমে মাছটি আমাদের জালে ধরা পড়ে। এত বড় মাছ পেয়ে আমরা খুব খুশি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত