অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের টানা হামলা রোববার (১৮ মে) ভয়াবহ রূপ নেয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার তথ্য অনুযায়ী, ওই দিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত সময়ের মধ্যে অন্তত ১৫১ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।
হাসপাতাল সূত্রকে উদ্ধৃত করে সংবাদমাধ্যমটি জানিয়েছে, নিহতদের মধ্যে ৬৯ জনই মারা গেছেন গাজার উত্তরে, যেখানে ইসরায়েলি বাহিনী সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে। দখলদার সেনাদের চালানো এ হামলায় অঞ্চলটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
এর আগে দক্ষিণ গাজার আল-মাওয়াসির এলাকায় একটি আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি বাহিনী হামলা চালায়। হাসপাতালের এক কর্মকর্তা জানান, ওই সময় আশ্রয়কেন্দ্রের অধিকাংশ মানুষ ঘুমিয়ে ছিলেন। তারা সবাই বিভিন্ন জায়গা থেকে বাস্তুচ্যুত হয়ে সেখানে ঠাঁই নিয়েছিলেন। ঘুমন্ত অবস্থায় চালানো সেই হামলায় শিশুসহ বহু মানুষ প্রাণ হারান।
রোববার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানায়, তারা ‘অপারেশন গিডিয়ন চ্যারট’-এর অংশ হিসেবে উত্তর ও দক্ষিণ গাজা উপত্যকায় একযোগে ব্যাপক স্থল অভিযানে নেমেছে। এতে অংশ নিচ্ছে দক্ষিণ কমান্ডের সক্রিয় ও রিজার্ভ সেনারা।
আইডিএফ আরও জানায়, হামাসের প্রতিরোধ ভাঙতে এবং স্থল অভিযানে সমর্থন দিতে গত এক সপ্তাহে ইসরায়েলি বিমানবাহিনী হামাসের ৬৭০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে ছিল হামাসের বিভিন্ন সেল, সুড়ঙ্গপথ এবং ট্যাংক বিধ্বংসী অবস্থান।
ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, এই অভিযানে হামাসের বহু সদস্য নিহত হয়েছেন এবং সংগঠনটির একাধিক অবকাঠামো ধ্বংস করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে গাজার গুরুত্বপূর্ণ কিছু অংশ দখলে নেওয়ার কথাও জানিয়েছে তারা।
ভেজাল কসমেটিকস তৈরি, অভিযানে কারখানা সিলগালা
প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত জো বাইডেন, ক্যান্সার ছড়িয়েছে হাড়েও