যশোর শহরের শংকরপুর এলাকায় একটি ঘরের ভেতর বোমা বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের তিন শিশু আহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
আহত তিন শিশুই শহরের শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার শাহাদাত হোসেনের সন্তান। তারা হলো—সজিব আহম্মেদ (৭), খাদিজাতুল কুবরা (৫) ও আয়েশা সুলতানা (৩)।
বিস্ফোরণের খবর পেয়ে যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি জানান, ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করেছেন এবং পরিবারের সদস্যদের কাছ থেকে প্রাথমিক তথ্য নিয়েছেন। তাদের ভাষ্য অনুযায়ী, শিশুটির (সজিব) বাইরে থেকে একটি বস্তু কুড়িয়ে এনে ঘরে খেলতে গিয়ে এই বিস্ফোরণ ঘটে। তবে বোমাটি ঘরেই ছিল নাকি বাইরে থেকে আনা হয়েছে, তা নিশ্চিত হতে তদন্ত চলছে।
প্রতিবেশী আক্তারুল ইসলাম জানান, সকাল সাড়ে ৮টার দিকে হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনে তিনি শাহাদাত হোসেনের বাড়িতে যান। সেখানে তিন শিশু রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি দ্রুত তাদের উদ্ধার করেন।
তিনি আরও জানান, সকালে শিশু সজিব বাড়ির পাশের মাঠে খেলার সময় একটি টেপ দিয়ে মোড়ানো বস্তু কুড়িয়ে পান। সেটি হাতে করে বাড়িতে এনে দুই বোনের সঙ্গে খেলতে গেলে হঠাৎ সেটি বিস্ফোরিত হয়।
যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক ইমন হোসেন বলেন, আহতদের মধ্যে আয়েশা ও সজিবের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানান, ঘটনার খবর পাওয়ার পর পুলিশের একাধিক দল আহতদের বাড়ি এবং হাসপাতালে অবস্থান করছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে বিস্তারিত তথ্য জানা যাবে বলে তিনি জানান।
আজ নগরভবন ব্লকেড ইশরাক সমর্থকদের
‘ভারতের আধিপত্য কখনোই মেনে নেবে না পাকিস্তান’