কক্সবাজারের টেকনাফের সমুদ্র উপকূলীয় এলাকায় মাদক কারবারিদের সঙ্গে কোস্টগার্ডের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় একজন গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ৩০ হাজার ইয়াবা, একটি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলিসহ তিনজন মাদক পাচারকারীকে।
সোমবার (১৯ মে) ভোর সাড়ে চারটার দিকে টেকনাফ সদর ইউনিয়নের তুলাতুলী ও মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকায় কোস্টগার্ডের অভিযানে মাদক কারবারিদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বাংলাদেশ কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ।
আটকৃতরা হলেন- উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. ইলিয়াস (৩০), নুর মোহাম্মদ (৬১) ও গুলিবিদ্ধ আব্দুল শক্কুর (৪০)। এতে গুলিবিদ্ধ শুক্কুরকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বলেন, সাগরপথে মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান উপকূলীয় এলাকা দিয়ে প্রবেশ করবে টেকনাফে। এমন সংবাদে সোমবার ভোরে শাহপরীর দ্বীপ কোস্টগার্ডের একটি বিশেষ দল টেকনাফের তুলাতলী নৌঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সাগরে ৫৮দিনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা চলছে। এরমধ্যে একটি নৌকাকে সাগরে দেখতে পায় কোস্টগার্ড সদস্যরা। এ সময় কাঠের বোটকে সন্দেহজনক মনে হলে থামার সংকেত দিলে পাচারকারীরা উপস্থিতি টের পেয়ে বোটেরগতি বাড়িয়ে গুলি ছুঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে কোস্টগার্ড সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে আব্দুল শক্কুর নামে একজন পাচারকারী গুলিবিদ্ধ হয়। কোস্টগার্ড সদস্যরা ঘণ্টাব্যাপী বোটটিকে ধাওয়া করে জব্দ করতে সক্ষম হয়। এসময় ৪ জন মাদকপাচারকারী সাগরে লাফ দিয়ে পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি। গুলিবিদ্ধ ইয়াবা পাচারকারীকে চিকিৎসার জন্য প্রথমে টেকনাফ এরপর কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, বোটটিতে তল্লাশি করে একটি ৯ মি. মি. বিদেশি পিস্তল, ৪রাউন্ড তাজাগুলি এবং ৩০ হাজার ইয়াবাসহ ৩জন মাদক পাচারকারীকে আটক করা হয়। জব্দ করা সকল মালামালসহ আটক ইয়াবা পাচারকারীদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রিয়াদ সাঈদ চৌধুরী বলেন, সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে কোস্টর্গাড সদস্যরা পিঠে গুলিবিদ্ধ অবস্থায় আব্দুস শুক্কুর নামে এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসে। তাকে দ্রুত চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক।
লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ২৪ ঘণ্টা টহল জারি করেছেন। মাদক পাচার রোধকল্পে কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আমিরাতের সঙ্গে আরেকটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ
মুক্তিযুদ্ধ-ধর্ম-নারী বিষয়ে দৃষ্টিভঙ্গি স্পষ্ট করল এনসিপি
সাড়ে ১০ হাজারের বেশি রাজনৈতিক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত
লিটনদের পাকিস্তান সফরে সীমান্তবর্তী স্টেডিয়ামে না খেলার পরামর্শ সরকারের