ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ১৬৮ কার্টন মাছভর্তি পিকআপ লুট

আপডেট : ১৯ মে ২০২৫, ০৮:১৬ পিএম

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে চালক ও হেলপাড়ের হাত-পা বেঁধে ১৬৮ কার্টন মাছভর্তি পিকআপ লুটে নিয়েছে একদল ডাকাত। এসময় মারধরে আহত হন পিকআপ চালক আবু বক্কর সিদ্দিক সাগর (২৮) ও হেলপার আল আমিন হোসেন (২৫)।

সোমবার (১৯ মে) ভোর ৪টার দিকে উপজেলার পাটাভোগ ইউনিয়নের ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। 

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে যশোরের মনিরামপুর মাছ বাজার থেকে কার্টন মাছ বোঝাই করে একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন ১৯-০৮৫৩) ঢাকার দিকে যাচ্ছিলো। এক্সপ্রেসওয়ের ফেরিঘাট এলাকায় পৌঁছালে নীল রঙের আরেকটি বড় পিকআপ পেছন থেকে এসে গতিরোধ করে। এ সময় ওই পিকআপ থেকে একজন লাফিয়ে মাছবাহী পিকআপটিতে উঠে পড়ে। মুহূর্তেই কালো সদৃশ একটি বস্তু দিয়ে ওই ব্যক্তি বৈদ্যুতিক শক দেন পিকআপ চালকের গলায়। এতে মুহূর্তেই দুর্বল হয়ে পড়েন তিনি। পরে পিকআপ থেকে নামিয়ে ড্রাইভার ও চালককে হাত-পা বেঁধে ও মুখে গামছা ঢুকিয়ে নিজেদের পিকআপের পেছনে তুলে ব্যাপক মারধর করা হয়। একপর্যায়ে হাসাড়া এলাকার সার্ভিস লেনে নিয়ে একটি গাছের সাথে তাদের দুইজনকে বেঁধে রেখে মাঝবোঝাই পিকআপ নিয়ে ঢাকার দিকে চলে যায় ডাকাতদল। পরে স্থানীয় এক অটোরিকশা চালকের সহায়তায় তারা শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকিল আহমেদ বলেন, মাছভর্তি পিকআপটি উদ্ধার করা যায়নি। এ ঘটনায় পিকআপের হেলপাড় আল আমিন শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। জড়িতদের শনাক্ত ও আটকে তৎপর রয়েছে ‍পুলিশ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত