রাজধানীর কারওয়ান বাজারের একটি পুনর্বাসন কেন্দ্রে রহমতউল্লাহ (১২) নামের এক পথশিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সরকারি পথশিশু পুনর্বাসন কেন্দ্রের আবাসিক কর্মী সরজিত কুমার বিশ্বাস জানিয়েছেন, প্রায় দুই মাস আগে রাস্তা থেকে কুড়িয়ে এনে ওই শিশুটিকে পুনর্বাসন কেন্দ্রে আনা হয়। রহমতউল্লাহসহ সেখানে ৬০ জনের বেশি শিশু রয়েছে। আজ সকালে তার শ্বাসকষ্ট ও খিঁচুনি দেখা দেয়। দ্রুত সিএনজি চালিত অটোরিকশায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তিনি আরও জানান, কেন্দ্রের রেজিস্ট্রারে রহমতউল্লাহ নিজের ঠিকানা মুগদা মান্ডা উল্লেখ করেছিল এবং বাবার নাম ছিল মাসুম খান।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশের ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি তেজগাঁও থানা পুলিশের কাছে জানানো হয়েছে।
মাইনুল আহসান নোবেল গ্রেপ্তার