সালাহর অবিশ্বাস্য গোল মিসের পর স্লট বললেন, 'সেও তো মানুষ'

আপডেট : ২০ মে ২০২৫, ১২:৩৮ পিএম

প্রিমিয়ার লিগ শিরোপা নিশ্চিত হওয়ার পর টানা তিন ম্যাচে জয়ের মুখ দেখলো না লিভারপুল। সোমবার তারা ৩-২ ব্যবধানে হেরে গেছে ব্রাইটনের কাছে।

অ্যামেক্স স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে দুইবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত হেরে যায় আর্নে স্লটের শিষ্যরা। প্রথমার্ধে হার্ভি এলিয়ট ও ডমিনিক সোবোস্লাইয়ের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় লিভারপুল। ইয়াসিন আয়ারির গোলে সমতা ফেরায় ব্রাইটন।

তবে দ্বিতীয়ার্ধে মোহাম্মদ সালাহর এক অবিশ্বাস্য মিস ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ৩০০তম ম্যাচ খেলতে নামা মিশরীয় ৫৪তম মিনিটে কোডি গাকপোর পাস থেকে ছয় গজ দূর থেকে গোল করতে ব্যর্থ হন। ম্যাচ শেষে লিভারপুল কোচ আর্নে স্লট বলেন, “সালাহ প্রায় পুরো মৌসুমেই অজেয়ছিল। তবে সেও মানুষ, এ রকম মুহূর্ত যে কারও আসতে পারে।”

সালাহর সেই সুযোগ মিসের পর ৬৯তম মিনিটে বদলি খেলোয়াড় কাওরু মিতোমা গোল করে ম্যাচে সমতা ফেরান। এরপর ৮৫তম মিনিটে আরেক বদলি ফুটবলার জ্যাক হিনশেলউড গোল করে ব্রাইটনকে জয় এনে দেন। যদিও প্রথমে অফসাইডের কারণে গোলটি বাতিল করা হয়, পরে ভিএআর দেখে সিদ্ধান্ত বদলান রেফারি।

শিরোপা নিশ্চিতের পর তিন ম্যাচে মাত্র এক পয়েন্ট পেয়েছে লিভারপুল। অন্যদিকে এই এই জয়ে ইউরোপিয়ান কনফারেন্স লিগে খেলার ক্ষীণ আশা জাগিয়ে তুলেছে ব্রাইটন। তারা এখন অষ্টম স্থানে, নবমস্থানে থাকা ব্রেন্টফোর্ডের থেকে তিন পয়েন্ট এগিয়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত