বিশ্ব পরিমাপ দিবস। ওজন ও পরিমাপ বিষয়ে সচেতনতা তৈরিতে প্রতি বছরের মতো এবারও দেশে দিবসটি পালিত হয়েছে। এ বছরের বিশ্ব পরিমাপ দিবসের প্রতিপাদ্য ‘সর্বকালেই পরিমাপ সকলের জন্য’। প্রতিপাদ্যটিতে অতীত, বর্তমান এবং ভবিষ্যতের পরিমাপের গুরুত্ব প্রতিফলিত হয়েছে। এই প্রতিপাদ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি গতকাল মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।
দিবসটি উপলক্ষে রাজধানীর বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর উদ্যোগে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) এর অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপউপাচার্য প্রফেসর ড. আব্দুল হাসিব চৌধুরী। শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাকসুরা নূরের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন- বিএসটিআইয়ের মহাপরিচালক এস এম ফেরদৌস আলম। এ ছাড়াও আলোচনা সভায় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম। বিজ্ঞপ্তি
