কৃষককে হত্যা করে ৩টি গরু নিয়ে গেল ডাকাত দল

আপডেট : ২১ মে ২০২৫, ১০:৪৩ এএম

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় তারা মিয়া (৬৫) নামে এক কৃষককে শ্বাসরোধে হত্যা করে তিনটি গরু লুট করেছে ডাকাতদল।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ২টার মধ্যে উপজেলার ঘোড়যান ইউনিয়নের মুরাদপুর কাউলিয়া চরের একটি অস্থায়ী ঘরে এ ঘটনা ঘটে। নিহত তারা মিয়া খাসকাউলিয়া ইউনিয়নের পশ্চিম জোতপাড়া গ্রামের মৃত কুদ্দুস মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, মুরাদপুর কাউলিয়া চরে একটি অস্থায়ী ঘর তৈরি করে কৃষিকাজ ও গরু পালন করছিলেন তারা মিয়া। রাতের আঁধারে ১০-১২ জনের একটি ডাকাতদল ওই ঘরে হানা দেয়। তারা মিয়াকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে এবং ঘরে থাকা পাঁচটি গরু নিয়ে নৌকায় করে পালিয়ে যায়।

চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডাকাতদল গরু পাঁচটি নিয়ে পালানোর চেষ্টা করলেও এর মধ্যে দুটি গরু অন্য স্থানে পাওয়া গেছে। তিনি বলেন, বর্তমানে তিনি ঘটনাস্থলে আছেন এবং মরদেহ উদ্ধারের কাজ চলছে।

ওসি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত