বালবার্নির সেঞ্চুরিতে উইন্ডিজের বিপক্ষে ঐতিহাসিক জয় আইরিশদের

আপডেট : ২২ মে ২০২৫, ১২:২৪ এএম

সিরিজের প্রথম ওয়ানডেতে অ্যান্ড্রু বালবির্নির দুর্দান্ত সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১২৪ রানের ঐতিহাসিক জয় পেয়েছে আয়ারল্যান্ড। আর এই ম্যাচেই আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন আইরিশ অধিনায়ক পল স্টার্লিং। প্রথম আইরিশ ব্যাটার হিসেবে তিনি এই রেকর্ড গড়লেন। বুধবার ডাবলিনে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩০৩ রান করে আয়ারল্যান্ড। জবাবে ৩৪.১ ওভারে ১৭৯ রানে অলআউট হয় সফরকারী ওয়েস্ট ইন্ডিজ।

আয়ারল্যান্ডের হয়ে সেঞ্চুরি করেন অ্যান্ড্রু বালবির্নি। তিনি ১১২ রান করেন ১১৯ বলে। স্টার্লিং করেন ৫৪ রান। তাদের মধ্যে ১০৯ রানের জুটি ম্যাচের ভিত্তি গড়ে দেয়। এছাড়া হ্যারি টেকটর ৫৬ ও লরকান টাকার ৩০ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে গুডাকেশ মোটি ২টি উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতেই ৩১ রানে ৫ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়ক শাই হোপ, ব্র্যান্ডন কিং, কেসি কার্টি, আমির জাঙ্গু এবং অ্যাকিল হোসেন দ্রুত বিদায় নেন। এরপর রোস্টন চেজ ৫৫ ও ম্যাথিউ ফোর্ড ৩৮ রান করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে দলের বড় হার এড়াতে পারেননি। আয়ারল্যান্ডের পেসার ব্যারি ম্যাকার্থি ৮ ওভারে ৩২ রানে ৪টি উইকেট নেন। টম মায়েস ও মার্ক অ্যাডায়ার নেন দুটি করে উইকেট।

পল স্টার্লিং এদিন নিজের ওয়ানডে ক্যারিয়ারে ৫,৯৭৯ রান ছাড়াও টি-টোয়েন্টিতে ৩,৬৫৬ ও টেস্টে ৩৮২ রান নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে মোট ১০,০১৭ রানে পৌঁছান। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে শুক্রবার ও তৃতীয়টি রোববার অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত