এটিই তাহলে মেসির সবচেয়ে পছন্দের গোল

আপডেট : ২৩ মে ২০২৫, ০১:৪৭ পিএম

ফুটবলের জাদুকর লিওনেল মেসির পছন্দের গোল নিয়ে চিত্রকর্মের কথা শোনা যাচ্ছিলো বেশ কিছুদিন ধরেই। এবার জানা গেলো নিজের করা কোন গোলটি এ মহাতারকার সবচেয়ে পছন্দের। 

দাতব্য সংস্থা ইন্টার মায়ামি ফাউন্ডেশনের একটি প্রচারধর্মী ভিডিওতে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন আর্জেন্টিনার এই বিশ্বকাপজয়ী অধিনায়ক। সেখানে নিজের সবচেয়ে পছন্দের গোল প্রসঙ্গে মেসি বলেন, ‘আমার এমন অনেক গোল আছে যেগুলো সম্ভবত বেশি সুন্দর ও মূল্যমানও তুলনামূলক বেশি। তা সত্ত্বেও চ্যাম্পিয়নস লিগে (বার্সেলোনার হয়ে ২০০৯ সালে) ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে হেড দিয়ে করা গোলটি আমার সবসময়ই পছন্দের।’ ২০০৯ সালেই নিজের তিনটি চ্যাম্পিয়নস ট্রফির প্রথমটি জেতেন মেসি। তার ওই গোলেই ২-০ ব্যবধানে ফাইনালে ম্যানইউকে হারায় বার্সেলোনা।

মেসির পছন্দের এই গোলের চিত্রকর্ম ইন্টার মায়ামি ফাউন্ডেশনের দাতব্য কাজে নিলামের জন্য তোলা হবে। সেটিকে চিত্রকর্মে রূপ দেবেন শিল্পী রেফিক আনাদোল। এক্ষেত্রে তাদের অনুমোদনও দিয়েছে উয়েফা। আগামী ১১ জুন নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টির মাধ্যমে নিউইয়র্কে উন্মোচন করা হবে। নিলাম শেষ হবে আগামী ১১ জুলাই।

পছন্দের গোলের চিত্রকর্ম নিলামে তোলা নিয়ে মেসি বলেন, ‘আমি ইতোমধ্যেই জানি যে রেফিকের কাজ কতটা বিশেষ। আমরা মায়ামিতে দেখা করছিলাম এবং এখন সে কীভাবে এই গোলটিকে, খেলার মুহূর্তটিকে একটি অনন্য শিল্পকর্মে রূপ দিতে পারে সে আবিস্কার করা রোমাঞ্চকর ব্যাপার হবে।’ নিলামে ওঠা আর্থিক অঙ্কের পুরোটাই দাতব্য কাজে ব্যবহৃত হবে। ক্যারিয়ারে ৮৬০টি গোল করলেও মেসির হেডে করা গোলের সংখ্যা মাত্র ২৮টি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত