মিরপুরে বাংলাদেশ ও নিউজিল্যান্ড ‘এ’ দলের মধ্যকার দ্বিতীয় চার দিনের ম্যাচটিতে নামার আগে কোচ মিজানুর রহমান বাবুল বলেছিলেন, দল জেতার জন্য নামবে, ফল হার-জিত যেটাই হোক, ড্র করা যাবে না। কিন্তু বৃষ্টিপূর্ণ আবহাওয়া আর দুই দলের ব্যাটিং দৃঢ়তায় শেষ পর্যন্ত বিনা ফলেই নিষ্পত্তি হয়েছে ম্যাচটি। প্রথম ম্যাচ জেতায় ১-০ ব্যবধানে তাই আনঅফিশিয়াল টেস্ট সিরিজটি জিতে নিয়েছে কিউইরা।
ম্যাচের তৃতীয় দিনশেষে প্রথম ইনিংসে কিউইদের সংগ্রহ ছিল ৪ উইকেটে ২৭৭ রান। আগের দিন ৪৪ রানে থাকা ম্যাথিউ বয়েল থামেন ৫৮ রানে। আর ৮৩ রানে অপরাজিত থাকা নিক কেলি শেষ দিনে তুলে নেন সেঞ্চুরি। এই সফরে তিন ইনিংসের শেষ দুটিতেই সেঞ্চুরি পেলেন কেলি। নিউজিল্যান্ড ‘এ’ দলের সাদা বলের অধিনায়ক ছিলেন তিনি। এ দুজনের বিদায়ের পর ভেঙে পড়ে সফরকারীদের ইনিংস। শেষ ৫ উইকেট তারা হারায় ৬৫ রান তুলতে। নাঈম হাসান ঝুলিতে ভরেন ৪ উইকেট। খালেদ আহমেদ শিকার ধরেন ৩টি। ১টি করে উইকেট পান সাইফ হাসান ও হাসান মুরাদ। প্রথম ইনিংসে কিউই ‘এ’ দলের সংগ্রহ দাঁড়ায় ৩৭৯ রান। নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিলো ৩৫৭ রান।
২২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করতে এনামুল হক বিজয়ের সঙ্গে নাঈম শেখের বদলে ক্রিজে আসেন জাকির হাসান। কিন্তু জুটি জমেনি। ঝড়ো মেজাজে ২৩ বলে ২৪ রান করে সাজঘরে ফেরেন বিজয়। এরপর ১৬ রান করে তার পথ ধরেন সাইফ। বাংলাদেশ ২৪ ওভার পর্যন্ত ব্যাটিং করার পর ড্রতেই নিষ্পত্তি হয় ম্যাচের। জাকির ৫৫ বলে ২৪ ও অমিত হাসান ৩৬ বলে ২১ রানে অপরাজিত থেকে যান। নিজেদের প্রথম ইনিংসে নাঈমের ৮২, অমিতের ৬৭, সাইফের ৫১, বিজয়ের ৪৮ ও সোহানের ঝড়ো ৪৮ রানের সুবাদে ৩৫৭ রান করেছিলো বাংলাদেশ। টেস্ট সিরিজ হারলেও এর আগে ওয়ানডে সিরিজটি ২-১ ব্যবধানে জিতেছিলেন সোহানরা।
ম্যাচ জয়ের পর আইফোন জিতলেন রিশাদ
রাতে হামজাদের ফাইনাল; জিতলেই ২০০ মিলিয়ন