রাজধানী ঢাকা সহ দেশের ১৭টি অঞ্চলের নদীবন্দরে সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। আজ রবিবার সকাল ৯টা পর্যন্ত দেওয়া পূর্বাভাস অনুযায়ী, এসব এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালি, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতিতে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এই অবস্থায় সংশ্লিষ্ট অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে, আরেক পূর্বাভাসে আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ইতিমধ্যে বাংলাদেশের কক্সবাজার উপকূল পর্যন্ত অগ্রসর হয়েছে এবং এটি আরও অগ্রসর হওয়ার অনুকূল পরিবেশ বিরাজ করছে।
তিনি আরও জানান, আগামী মঙ্গলবার (২৭ মে) উত্তর বঙ্গোপসাগর ও তার আশপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
এ ছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
কোনও দলকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের না: রিজভী