প্রিন্স

ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে, নাহলে সংকট আরও ঘনীভূত হবে

আপডেট : ২৫ মে ২০২৫, ০৮:১৮ পিএম

অন্তর্বর্তী সরকারের ছাত্র উপদেষ্টাসহ কয়েকজন উপদেষ্টা ও সহকারী নিরপেক্ষতা হারিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। সরকারের নিরপেক্ষতার স্বার্থে অবিলম্বে প্রধান উপদেষ্টার উচিত তাদের অপসারণ করা বলে মনে করেন তিনি। এছাড়া ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে নাহলে দেশের বিরাজমান সংকট আরও ঘনীভূত হবে বলে শঙ্কা প্রকাশ করেন।

রবিবার বিকালে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আমতৈল ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, গণঅভ্যুত্থানে তাদের ভূমিকা  থাকলেও, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও কর্মকর্তা হয়ে পক্ষপাতমূলক ও বিতর্কিত আচরণ তাদেরকে নতুন রাজনৈতিক দলের অঘোষিত নেতা হিসেবে চিহ্নিত করেছে। তাদের অন্যায় কাজকে প্রশ্রয় দিলে প্রমাণিত হবে সরকার তাদের দলকে পৃষ্ঠপোষকতা করে কিংস পার্টি বানাচ্ছে।

বাহির শিমুল উচ্চ বিদ্যালয় মাঠে ঝড় বৃষ্টি উপেক্ষা করে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও গ্রাম থেকে বাদ্য বাজনা বাজিয়ে বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিল সহকারে কর্মী সমাবেশে যোগ দেন।

কর্মী সমাবেশে এমরান সালেহ প্রিন্স বলেন, সর্ববৃহৎ জনসম্পৃক্ত রাজনৈতিক দল বিএনপিকে অবমূল্যায়িত করলে জনগণ বিক্ষুব্ধ হতে বাধ্য। তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির মতামতকে প্রাধান্য দেয়ার আহ্বান জানিয়ে বলেন, বিএনপি জনগণের পালস বুঝে ও জন আকাঙ্ক্ষা অনুযায়ী বাস্তবসম্মত কথা বলে। দেশ, জনগণ ও গণতন্ত্রের স্বার্থে বিএনপি সবসময় সাহসী ও আপসহীন ভূমিকা পালন করতে বদ্ধপরিকর। বিএনপি ও জনগণকে অগ্রাহ্য করে অতীতে কোন সরকার টিকে থাকতে পরে নাই।

তিনি বলেন, বিএনপি সংস্কার ও বিচার চায়, কিন্তু অনন্তকাল ধরে দেশকে অনির্বাচিত শাসন ও গণতন্ত্রহীন রাখতে চায় না। তিনি অবিলম্বে সংস্কার ও বিচার শুরু করে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের লক্ষ্যে রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান।

তৃণমূল পর্যায়ে বিএনপিকে পুনর্গঠন ও অধিকতর শক্তিশালী করতে অয়োজিত কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সঞ্চালনা করেন সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর।

বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, আলী আশরাফ , কাজী ফরিদ আহমেদ পলাশ, মিজানুর রহমান মিজান, শফিকুর রহমান, মোনায়েম হোসেন খান খোকন, বিএনপি নেতা পড়ান আলী কাঞ্চু, গোলাম মোস্তফা সরকার, ফখরুল ইসলাম, লূৎফর রহমান, সালাহ উদ্দিন বিশ্বাস, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আবুল কালাম নিলু, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম শাহিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা ফয়জুর রহমান তালুকদার।

এর আগে তিনি পৃথক পৃথকভাবে অনুষ্ঠিত হালুয়াঘাট উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ সভা এবং উপজেলা ও ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত