কমলগঞ্জে ডা. শফিকুর

বাংলাদেশে সাহাবি-তাবেয়ী যুগ আনতে চায় জামায়াত

আপডেট : ২৫ মে ২০২৫, ০৮:৩৪ পিএম

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা সাহাবি-তাবেয়ী যুগ অনুসরণ করে বাংলাদেশে আনতে চাই। এই যুগ যখন আসবে তখন রাষ্ট্রের প্রতিটি নাগরিক নারী-পুরুষ সকলে সম্মানের সঙ্গে বসবাস করবে। সবাই গর্বিত নাগরিক হিসেবে পরিচয় দেবে আর এই রাষ্ট্র হবে কল্যাণ রাষ্ট্র। সেই রাষ্ট্রের দায়িত্ব হবে তার জনগণের সব অসুবিধা দূর করে সুবিধা নিশ্চিত করা।

রবিবার (২৫ মে) সন্ধ্যায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে স্থানীয় জামায়াতের আয়োজনে মতবিনিময় সভা ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, একটা জায়গায় আমরা পিছিয়ে আছি। মানুষ গড়ার জন্য যে শিক্ষা প্রয়োজন, সে শিক্ষা আমাদের দেশে নেই। সমাজে ধর্মের ভাগাভাগিতে আমরা বিশ্বাস করি না। আমার ধর্মকে যথেষ্ট আবেগ দিয়ে ভালোবাসি ঠিক একইভাবে অন্য ধর্মকে ভালোবাসবো।

তিনি যুবকদের প্রতি অনুরোধে করে বলেন, সমাজ বদলাতে হলে তোমাদের হাত লাগবে। তোমাদের হাত ছাড়া দুনিয়ায় কোন সমাজ বদলায়নি।

নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘শনিবার আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছি। এই বৈঠকে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টা আশ্বাস দিয়েছেন, এমন একটি নির্বাচন হবে, যেখানে একটি ইতিহাস তৈরি হবে। প্রত্যেকটি মানুষ হাসিমুখে ভোট দিয়ে বের হবে। কেউ গিয়ে দেখবে না যে, একজনের ভোট অন্যজন দিয়ে এসেছে। জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে বিভিন্ন প্রস্তাবনা আমাদের পক্ষ থেকে তুলে ধরা হয়েছে। মানবিক করিডর না দেওয়ার বিষয়েও আমাদের অবস্থান সরকারকে জানানো হয়েছে।

কমলগঞ্জে মতবিনিময় সভা ও সুধী সমাবেশের আগে কুলাউড়া উপজেলায় চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময়, মহিলা সুধী সমাবেশে এবং জামায়াতের ওয়ার্ড দায়িত্বশীলদের সম্মেলনে যোগ দেন ডা. শফিকুর রহমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত