আদালতে পরীমণি

আপডেট : ২৬ মে ২০২৫, ০২:৫২ পিএম

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে মারধর ও ধর্ষণচেষ্টা মামলায় আসামিপক্ষের জেরার জন্য আদালতে হাজির হয়েছেন চিত্রনায়িকা পরীমণি। আজ সোমবার বেলা সোয়া ১১টার দিকে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৯-এ হাজির হন পরীমণি। তবে অন্যান্য মামলার ব্যস্ততার কারণে জেরার সময় পিছিয়ে বিকেল ৩টায় নির্ধারণ করেন আদালত। 

২০২১ সালের ১৪ জুন নাসির উদ্দিন ও তাঁর বন্ধু অমিসহ চারজনকে আসামি করে ঢাকার সাভার থানায় মামলা দায়ের করেন পরীমণি। পরে ২০২২ সালে আদালতে তাঁর জবানবন্দি রেকর্ড করা হয়। 

জবানবন্দিতে বলা হয়, ২০২১ সালের ৯ জুন রাত ১২টার পর পরী তাঁর বন্ধুদের নিয়ে বোটক্লাবে ঢুকলে সেখানকার সভাপতি ব্যবসায়ী নাসির ও তাঁর সহযোগী শাহ শহিদুল আলম তাকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টা করেন। এ ঘটনার ৫ দিন পর ২০২১ সালের ১৪ জুন পরী সাভার থানায় নাসির উদ্দিন, তুহিন সিদ্দিকী অমি ও অজ্ঞাত পরিচয়ের আরও ৪ জনসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। 

অন্যদিকে ওই রাতের ঘটনায় পরীমণির বিরুদ্ধে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদও আদালতে একটি মামলা করেন। মামলায় পরী ও তাঁর সহযোগী জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে ভাঙচুর, মারধর ও ভীতি প্রদর্শনের অভিযোগ করেন তিনি। 

ব্যবসায়ী নাসির উদ্দিনের দায়ের করা মামলায় গত জানুয়ারিতে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় পরীমণির বিরুদ্ধে। তবে আদালতে আত্মসমর্পণ করে জামিন পান অভিনেত্রী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত