রাজধানীর গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল আহসান সাধন হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব মোস্তফা জামান। পাশাপাশি অবিলম্বে দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন তারা।
গতকাল সোমবার বিকেলে মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন এবং বিকেলে মিরপুরের পল্লবীতে নিজ নির্বাচনী আসনের সাধারণ মানুষের মধ্যে ৩১ দফার লিফলেট বিতরণ ও সকালে মিরপুর উদয়ন স্কুল অ্যান্ড কলেজের নবনির্মিত ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক ও অন্য একটি অনুষ্ঠানে গিয়ে বিকেলে সদস্য সচিব মোস্তফা জামান এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, ‘৫ আগস্টের পর স্বৈরাচারমুক্ত বাংলাদেশে এ ধরনের বর্বর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। বিএনপি নেতাকে এভাবে প্রকাশ্যে গুলি করে হত্যা করবেÑ এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’
অন্যদিকে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান এক অনুষ্ঠানে বলেন, ৫ আগস্ট-পরবর্তী সময়ে শান্তি-শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ এ সরকার। দেশে কারও নিরাপত্তা নেই। যারা এ ধরনের ন্যক্কারজনক হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের অবিলম্বে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে।
এ সময় ঢাকা মহানগর উত্তর যুগ্ম আহ্বায়ক এসএম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, আকতার হোসেন, আতাউর রহমান চেয়ারম্যান, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, আফাজ উদ্দিন, হাজি মো. ইউসুফ, মো. শাহ আলম, মাহাবুব আলম মন্টু; মহানগর সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, মহানগর সদস্য আলী আকবর আলী, সাজ্জাদ হোসেন মোল্লা, শামীম পারভেজ প্রমুখ।
