আজ সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ বন্ধ

আপডেট : ২৭ মে ২০২৫, ০৮:৩৩ এএম

আজ মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে। একইসঙ্গে ওই এলাকায় সভা-সমাবেশ, মিছিল ও গণজমায়েত নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

গতকাল সোমবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে আগামীকাল মঙ্গলবার সচিবালয়ে সব ধরনের দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবদুল্লাহ আল জাবেদ।

এদিকে ডিএমপি একই রাতে পৃথক এক গণবিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’ এবং আশপাশের এলাকায় সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জননিরাপত্তার স্বার্থে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের নির্দেশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

ডিএমপি অনুরোধ করেছে, কেউ যেন এই সময়সীমার মধ্যে নিষিদ্ধ কর্মকাণ্ডে অংশ না নেয়। সংশ্লিষ্ট সবাইকে আইন অনুসরণে সহযোগিতা করারও আহ্বান জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত