নতুন অধিনায়ককে আচরণে জোর দিতে বললেন গাভাস্কার

আপডেট : ২৭ মে ২০২৫, ০৯:৩৫ এএম

ক্রিকেট মাঠে ভারতীয় অধিনায়কদের আচরণ নিয়ে অতীতে অনেক প্রশ্ন উঠেছে। বিশেষ করে বিরাট কোহলিকে নিয়ে। সেই কোহলি-রোহিত যুগ শেষ। ভারতীয় টেস্ট দলের কান্ডারী এখন শুবমান গিল। নতুন অধিনায়ককে এবার তাই পরামর্শ দিলেন সুনীল গাভাস্কার।

'স্পোর্টস তাক' অনুষ্ঠানে গাভাস্কার বলেন, ‘ভারতের অধিনায়ক নির্বাচিত হলে সেই খেলোয়াড়ের ওপর সব সময়ই চাপ থাকে, কারণ শুধু দলের সাধারণ সদস্য হওয়া আর অধিনায়ক হওয়ার মধ্যে একটা বড় পার্থক্য আছে।’

একজন অধিনায়কের কাছে দলের চাহিদা নিয়ে তিনি বলেন, 'আপনি যখন দলের একজন সদস্য হিসেবে থাকেন, তখন সাধারণত নিজের আশপাশের কয়েকজন খেলোয়াড়ের সঙ্গেই মেলামেশা করেন। কিন্তু আপনি যখন অধিনায়ক হন, তখন এমনভাবে আচরণ করতে হয়, যাতে দলের বাকি খেলোয়াড়েরা আপনাকে সম্মান করে। অধিনায়কের পারফরম্যান্সের চেয়ে তার আচরণ অনেক বেশি গুরুত্বপূর্ণ।'

উল্লেখ্য, রোহিত শর্মা টেস্ট থেকে অবসর নেওয়ার পর গত শনিবারে ২৫ বছর বয়সী শুবমান গিলকে এই ফরম্যাটে অধিনায়ক ঘোষণা করে ভারত। আসন্ন ইংল্যান্ড সফর দিয়ে তার নেতৃত্বের যাত্রা শুরু হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত