রাজধানী ঢাকাসহ দেশের নানা অঞ্চলে গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টা ২৪ মিনিটে হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে। এই কম্পনে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের মনিপুর রাজ্যের মোইরাং শহরের নিকটবর্তী এলাকায়, যা সিলেট শহর থেকে প্রায় ২১৭ কিলোমিটার দূরে অবস্থিত। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ২।
ভূমিকম্প ও আগ্নেয়গিরিসংক্রান্ত তথ্যভিত্তিক ওয়েবসাইট ‘ভলকানো ডিসকভারি’ জানায়, ভূকম্পনের উৎপত্তিস্থল ছিল মাত্র ৪৭ কিলোমিটার (২৯ মাইল) গভীরে। অগভীর হওয়ায় এটি বিস্তৃত অঞ্চলে প্রবলভাবে অনুভূত হয়। একই মাত্রার কোনো গভীর ভূমিকম্পের তুলনায় অগভীর ভূমিকম্পের কম্পন ভূপৃষ্ঠে বেশি প্রবল অনুভব হয়।
এর একদিন আগেই, সোমবার দিবাগত রাত ৩টা ২ মিনিটে আরও একটি হালকা ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেটির মাত্রা ছিল ৩ দশমিক ৪ এবং উৎপত্তিস্থল ছিল মায়ানমারের চিন হাখা অঞ্চল, যা সিলেট থেকে ২৬৫ কিলোমিটার দূরে।
এছাড়া এরও আগে, ১১ এপ্রিল বিকেল ৫টার দিকে ঢাকা ও সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় আরও একটি মৃদু ভূকম্পন অনুভূত হয়। তবে সেই সময়ও কোথাও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
‘সুরভি’র সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে জোবাইদা রহমান