পার্বতীপুর ট্রাক চাকায় পিষ্টে দুই শ্রমিক নিহত

আপডেট : ২৮ মে ২০২৫, ১২:০৭ পিএম

দিনাজপুরের পার্বতীপুর-সৈয়দপুর আঞ্চলিক মহাসড়কের জগন্নাথপুর ফিলিং স্টেশন এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সি ওয়াই মোল্ডি বিডি কোম্পানি লিমিটেড দুই শ্রমিক মারা গেছে। নিহতরা হলেন- পার্বতীপুর উপজেলার জগন্নাথপুর এলাকার তসলিম উদ্দিনের ছেলে রবিউল ইসলাম (২৫) ও রাজনগর এলাকার সুশান্ত দাসের ছেলে সুজিত চন্দ্র দাস (২৪)। দুজনেই পার্বতীপুর বেলাইচন্ডি মনপুরা এলাকার সি ওয়াই মোল্ডিং (বিডি) কোম্পানি লিমিটেডে টেকনিশিয়ান পদে কর্মরত ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ছুটি শেষে তারা মঙ্গলবার (২৭ মে) রাত সাড়ে ৯ টার দিকে একই মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে জগন্নাথপুর ফিলিং স্টেশন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ঘটনার পর ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে যায়। ট্রাকের নিচে মোটরসাইকেল আটকে থাকায় স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে রাজ মেট্রো-ট-১১-০৩-৯০ ট্রাকটিতে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে পার্বতীপুর মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের দমকলবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানার (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। ট্রাকটিকে আটক করা হয়েছে। চালক ও সহকারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় রাতেই সড়ক পরিবহন আইনে একটি মামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত