খুলনায় মাদক মামলায় আদালত মো. মমিনুর রহমান ওরফে মোহন (২৩) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে।
বুধবার (২৮ মে) দুপুরে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সুমি আহমেদ এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি যশোর শহরের পালবাড়ি মূর্তির মোড় এলাকার মো. শাহাজাহান আলীর ছেলে। দণ্ডপ্রাপ্ত আসামি পলাতক রয়েছে।
আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ২৯ মে সকাল ৮ টার দিকে নগর পরিবহনের একটি বাস খানজাহান আলী বাজার চেকপোস্টের সামনে দিয়ে ফুলতলা থেকে খুলনা মহানগরীর দিকে যাচ্ছিলো। নগর পরিবহনের মাঝামাঝি সিটে বসে থাকা যাত্রী মমিনুর রহমান ওরফে মোহনের আচরণে পুলিশের সন্দেহ হলে পথের বাজার চেকপোস্টের সামনে নামানো হয়। এরপর তার হাতে থাকা প্লাস্টিকের বাজারের ব্যাগে ৩০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মমিনুর স্বীকার করে ঐ ফেনসিডিল বিক্রির উদ্দেশ্যে সে খুলনায় নিয়ে যাচ্ছিলো।
ফেনসিডিল উদ্ধারের ঘটনায় খানজাহান আলী থানার উপপরিদর্শক (এসআই) মো. সালাউদ্দিন মোল্লা বাদী হয়ে মাদক আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা খানজাহান আলী থানার এসআই মো. সিরাজুল ইসলাম একই বছরের ৩১ জুলাই মমিনুরকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
তৌসিফ-নিহার ‘চুপকথা’
ঈদে বেনাপোলে চমক মরুর জাহাজখ্যাত সাত উট