অধ্যক্ষের বিরুদ্ধে অবৈধভাবে গাছ বিক্রির অভিযোগ, তদন্ত কমিটি

আপডেট : ২৮ মে ২০২৫, ০৫:২০ পিএম

গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুরে হাজী ওসমান গনি কলেজের অধ্যক্ষ আব্দুল কাদেরের বিরুদ্ধে অবৈধভাবে কলেজের ১৫টির বেশি গাছ বিক্রির অভিযোগ উঠেছে। এছাড়া তার বিরুদ্ধে কলেজে অন্তত ১০টি পদে নিয়োগ বাণিজ্যসহ স্বেচ্ছাচারিতা, ক্ষমতার অপব্যবহারসহ প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।

তার দুর্নীতির বিষয়ে পরিবেশ আন্দোলন, অভিভাবকসহ চারজন গত বৃহস্পতিবার গাইবান্ধা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, জেলা পরিবেশ দপ্তরের অনুমতি ছাড়াই ওই অধ্যক্ষ কলেজ ক্যাম্পাসের ১৫টির অধিক গাছ কেটেছেন। যার আনুমানিক মূল্য প্রায় ৪ লক্ষ টাকা। গাছ কাটার ফলে কলেজ ক্যাম্পাসের পরিবেশ নষ্ট হয়েছে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, অধ্যক্ষ আব্দুল কাদের নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দোসর। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তার নিয়মিত চাকরির মেয়াদ শেষ হয়েছিল। কিন্তু তিনি প্রভাব খাটিয়ে মেয়াদ আরও ৬ মাস বাড়িয়ে নিয়ে শুরু করেন কলেজে নিয়োগ বাণিজ্য।

এদিকে গাছ কাটার বিষয়টি স্বীকার করে অধ্যক্ষ আব্দুল কাদের বলেন, কলেজের ব্যবস্থাপনা কমিটিকে নিয়ে প্রাচীর নির্মাণের জন্য গাছ কাটা হয়েছে। তবে পরিবেশ অধিদপ্তরের কোনো অনুমতি নেওয়া হয়নি।

জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ বলেন, এ ঘটনায় তদন্ত কমিটি হয়েছে। আগামী বৃহস্পতিবার অভিযোগ তদন্ত করে অধ্যক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত