জমি নিয়ে বিরোধ

কালীগঞ্জে প্রতিপক্ষের লাঠির আঘাতে বৃদ্ধের মৃত্যু

আপডেট : ২৮ মে ২০২৫, ০৫:২২ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়নের মালিয়াট গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে নায়েব আলী মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।  বুধবার বেলা ১১টার দিকে ওই উপজেলার মালিয়াট গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নায়েব আলী মোল্লা মালিয়াট গ্রামের আব্দুল মোল্লার ছেলে।

স্থানীয়রা জানায়, নায়েব আলী মোল্লার সাথে দীর্ঘদিন ধরে একই গ্রামের ইউনুস আলীর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বুধবার সকালে মালিয়াট গ্রামের মাঠে জমি নিয়ে বিরোধের জেরে উভয়পক্ষ বাকবিতন্ডা য় লিপ্ত হয়। সে সময় ইউনুস আলী ও তার ছেলে আলামিন হোসেন লাঠি দিয়ে নায়েব আলীর মাথায় আঘাত করে। এতে নায়েব আলী মাটিতে পড়ে যায়। পরে খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল ইসলাম রেজা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই নায়েব আলী মোল্লার মৃত্যু হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম হাওলাদার জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে। মরদেহ কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আটক করতে পুলিশ কাজ করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত