খুলনায় ‘অন্তর্ভুক্তিমূলক লিঙ্গ ন্যায়বিচার’ শীর্ষক একটি সচেতনতামূলক অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। আরএইচস্টেপের ‘অপরাজেয় তারুণ্য’ প্রকল্পের আয়োজনে এই কর্মসূচিতে লিঙ্গ সমতা ও সামাজিক ন্যায়বিচার বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাকিলা আলম। প্রকল্প কর্মকর্তা সুজয় চৌধুরী সাম্য অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, আর সঞ্চালনার দায়িত্ব পালন করেন ইয়োথ অফিসার নুসরাত জাহান বুশরা। এছাড়া ইউনিট ম্যানেজার কবির আহমেদ ও সমাজকর্মী ইশা কর্মকারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এই আয়োজনে প্রেজেন্টেশন, ইন্টারেক্টিভ গেম ও আলোচনা সেশনের মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্যে লিঙ্গ পরিচয়ের বৈচিত্র্য, ন্যায়বিচার, তৃতীয় লিঙ্গের অধিকার, শিক্ষা ও অর্থনৈতিক ক্ষেত্রে অন্তর্ভুক্তির গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হয়।
বক্তারা বলেন, ‘সমতা আর ন্যায়বিচার একই বিষয় নয়। প্রত্যেক ব্যক্তির প্রেক্ষাপট ও প্রয়োজন অনুযায়ী সমর্থন দেওয়াই হলো প্রকৃত অন্তর্ভুক্তিমূলক ন্যায়বিচারের মূল ভিত্তি।’ তারা শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা এবং নীতিনির্ধারণী কাঠামোতে সংখ্যালঘু লিঙ্গগোষ্ঠীর সম্পৃক্ততা নিশ্চিত করার ওপর জোর দেন।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরে ভবিষ্যতে আরও ব্যাপকভাবে এমন কার্যক্রম পরিচালনার আশাবাদ ব্যক্ত করেন।
‘গণঅভ্যুত্থানকে আসিফ যেভাবে উপস্থিত করেছেন, তা ইতিহাসের চরম বিকৃতি’