মেজর হাফিজ উদ্দিন আহমেদ

১৭ বছর প্রতিবাদ করেননি, এখন তারা দেশের ভাগ্য বদলাতে চায়

আপডেট : ২৯ মে ২০২৫, ০৬:৪০ পিএম

শেখ হাসিনা সরকারের ১৭ বছরে যারা কোনোদিন প্রতিবাদ করেননি তারা আজ বাংলাদেশের ভাগ্য পরিবর্তন করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। বাংলাদেশ আন্তর্জাতিক ষড়যন্ত্রের গৃহভূমি হতে চলেছে বলেও শঙ্কা প্রকাশ করেছেন তিনি। 

বৃহস্পতিবার (২৯ মে) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৪তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

একদল তথাকথিত শিক্ষিত ব্যক্তি বার বার দেশের জনগণকে বিভ্রান্তির মধ্যে ফেলে দেয় উল্লেখ করে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, দুঃখ লাগে এই যে একটা সরকার আছে তারা সবাই শিক্ষিত ব্যক্তি। এতজেনের মধ্যে একজন মুক্তিযোদ্ধা আছে। বাকি যাদের এত নামধাম, বাংলাদেশের জন্য এদের কি অবদান আছে।

তিনি বলেন, অতীতে কত সংগ্রাম হয়েছে, মুক্তিযুদ্ধ হয়েছে। স্বৈরশাসকের বিরুদ্ধে বারবার সংগ্রাম করেছে এদেশের মানুষ। এদের কাউকে তো কখনো আমাদের সংগ্রামে দেখিনি।

বিএনপির এ নেতা বলেন, শেখ হাসিনা ১৭ বছর অত্যাচারের স্টিমরোলার চালিয়েছে। বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। বিএনপির সব নেতৃবৃন্দ জেলে গিয়েছে, মিথ্যা মামলার শিকার হয়েছে, গুম হয়েছে, নিহত হয়েছে। কই এখন যারা তত্ত্বাবধায়ক সরকারে আছেন— ফেসবুকে একটা পোস্ট দেননি কোনোদিন, প্রতিবাদ করেননি।

তিনি বলেন, অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস আজ তারা বাংলাদেশের ভাগ্যবিধাতা বনে গিয়েছে। তারা বাংলাদেশের ভাগ্য পরিবর্তন করতে চায়। জনগণের জন্য তাদের কোনো কন্ট্রিবিউশন নাই। এগুলো হলো ষড়যন্ত্রের রাজনীতি। বাংলাদেশ আন্তর্জাতিক ষড়যন্ত্রের গৃহভূমি হতে চলেছে।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত