ভারী বর্ষণে পার্বত্য চট্টগ্রামে ভূমিধসের পূর্বাভাস

আপডেট : ২৯ মে ২০২৫, ১১:০৭ পিএম

গভীর নিম্নচাপ উপকূল অতিক্রম করে বর্তমানে স্থলভাগে অবস্থান করছে। নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় সারাদেশেই মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোতে ভূমিধসের সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) এক সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সতর্কবার্তায় বলা হয়েছে, সাগরদ্বীপ ও খেপুপাড়ার মধ্য দিয়ে গভীর নিম্নচাপটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে উপকূল অতিক্রম করেছে। এটি বর্তমানে সাতক্ষীরা ও তৎসংলগ্ন এলাকায় স্থল গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরও উত্তর/উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।

এর প্রভাবে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগ এবং পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। 

আবহাওয়া অফিস জানিয়েছে, অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন ও কক্সবাজার জেলাসমূহের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে ভারী বর্ষণজনিত কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত