দিনাজপুরের পার্বতীপুরে ট্রাক আটকিয়ে চাঁদাবাজির অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পার্বতীপুর শাখার সংগঠক ও শিক্ষানবিশ অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম (৪০) সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন। গত বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে রংপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে। তারিকুল উপজেলার মন্মথপুর ইউনিয়নের পশ্চিম রাজাবাসর গ্রামের মাহমুদুল সরকারের ছেলে। জানা গেছে, বড়পুকুরিয়া কয়লাখনির পরিত্যক্ত মালামাল (স্ক্যাপ) টেন্ডারের মাধ্যমে সেনাকল্যাণ সংস্থা কিনেছিল। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টায় এই মালামাল বহনকারী দুটি ট্রাক খনি থেকে বের হলে তারিকুল ও তার ৩০-৪০ জন সঙ্গী রসুলপুরে ট্রাক আটকিয়ে চাঁদা দাবি করেন। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তারিকুলকে গ্রেপ্তার করেন। তার সঙ্গীরা পালিয়ে যায়। রাত ১১টায় তাকে পার্বতীপুর মডেল থানায় হস্তান্তর করা হয়। ওই রাতেই
সেনাকল্যাণ সংস্থার প্রতিনিধি মো. আরিফুল ইসলাম বাদী হয়ে তারিকুলসহ ১৬ জনের নাম উল্লেখ ও ৪০-৫০ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে পার্বতীপুর মডেল থানায় মামলা করেন। পার্বতীপুর মডেল থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তারিকুলকে দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি বলেন, চাঁদাবাজির মতো অপরাধ দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।
