পাকিস্তানের কাছে প্রথম টি-টোয়েন্টি হেরে বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস বলেছিলেন, আরও দুটি ম্যাচ হাতে আছে। তবে গতকাল ৫৭ রানে দ্বিতীয় ম্যাচ হেরে সিরিজ খোয়ানোর পর তার সেই কথা আর ধোপে টিকল না। টাইগার অধিনায়ক স্বীকার করে নিলেন যে, দলের ব্যাটসম্যানরা বেসিক কাজটাই করতে পারছেন না!
গতকাল দ্বিতীয় ম্যাচে রান তাড়ায় নেমে সিঙ্গেল নেওয়ার ইস্যুতে তাওহীদ হৃদয়ের ওপর চটেছিলেন লিটন। পরের বলেই বাজে শটে শেষ হয় তার ৯ বলে ৬ রানের ইনিংস। মেজাজ হারিয়েই আউট হলেন কিনা- এমন প্রশ্নে লিটন বলেন, ‘না, এমন নয়। ক্রিকেটে আপনার বেসিক জিনিসগুলো করতে হবে। এটা (রান নেওয়া) তো বেসিক। এই মুহূর্তে আমরা মৌলিক কাজগুলো অনুসরণ করছি না। আপনি যদি ব্যাক টু ব্যাক দুটি উইকেট দেখেন, আমরা ২টি রান নিইনি। আমি এটিকে দোষ দিচ্ছি না। তবে আমাদের এদিকে মনোযোগ দিতে হবে।’
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লিটন আরও বলেন, শরীফুল ইসলামের চোটই তাদের ব্যাকফুটে ঠেলে দিয়েছে। লিটনের ভাষায়, ‘আমার মতে, যখন শরীফুল চোটে পড়ল, তখন মোমেন্টাম পুরোপুরি ওদের দিকে চলে গেছে। কারণ আমরা জানি, বোলিংয়ে আমাদের ঘাটতি আছে। তবু আমরা ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছি। এই উইকেটে ২০০ রান...আমি যে কোনো (রান তাড়ার জন্য) ব্যাটিং করতে চাইব। কিন্তু ব্যাটিং ইউনিট হিসেবে আমরা সেটি করতে পারিনি।’
শেষে অবশ্য হোয়াইটওয়াশ এড়ানোর আশা দেখিয়েছেন লিটন, ‘আমাদের আরও একটি সুযোগ আছে। এই মুহূর্তে আমাদের একসঙ্গে বসে আলাপ করতে হবে কীভাবে আমরা শক্তভাবে ঘুরে দাঁড়াতে পারি। কারণ এটি পুরোপুরি মানসিকতার ব্যাপার।’
ঝড়ো শুরুর পরও ১৪৪ রানে থামলো বাংলাদেশ, সিরিজ পাকিস্তানের
দায়িত্ব নিয়েই সাকিবকে দলে ফেরানোর বিষয়ে মুখ খুললেন বুলবুল
বিসিবির নতুন সভাপতি দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান বুলবুল